বাংলাদেশ

প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ট্রেনে ২৫% ছাড়, থাকছে কিছু শর্ত

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশে রেল পরিবহন ব্যবস্থাকে আরও জনবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক করতে প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের জন্য ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

রোববার (২৪ মে) রেলপথ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ মে (সোমবার) থেকে সারা দেশে নতুন এই সুবিধা কার্যকর হবে।

নতুন নিয়ম অনুযায়ী, ৬৫ বছর বা তার বেশি বয়সী যাত্রীরা প্রবীণ (সিনিয়র সিটিজেন) হিসেবে ২৫ শতাংশ ভাড়া ছাড় পাবেন। অনলাইনে টিকিট কাটার সময় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী বয়স স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে। এই সুবিধা পেতে যাত্রীকে Rail Sheba-এ নিবন্ধিত থাকতে হবে এবং অনলাইন ও স্টেশন কাউন্টার—উভয় জায়গা থেকেই টিকিট সংগ্রহ করা যাবে।

এই ছাড় ট্রেনের মূল ভাড়ার ওপর প্রযোজ্য হবে, তবে সার্ভিস চার্জ ও ভ্যাট আগের মতোই দিতে হবে। একজন প্রবীণ যাত্রী সপ্তাহে সর্বোচ্চ দুইবার এই সুবিধা ব্যবহার করতে পারবেন।

শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের ক্ষেত্রে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্রধারীরা এই সুবিধা পাবেন। তাদের জন্যও মূল ভাড়ার ওপর ছাড় প্রযোজ্য হবে, তবে আপাতত এই সুবিধা স্টেশন কাউন্টার থেকে টিকিট কেনার ক্ষেত্রেই সীমিত থাকবে।

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, ভবিষ্যতে এই সুবিধা অনলাইনেও চালু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্যও ভবিষ্যতে রেলভাড়া ছাড়ের বিষয়টি বিবেচনায় রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button