দেশবাংলা

ইমুতে প্রেম-বিয়ে, ভিনদেশি স্বামীর কাছে যাওয়ার পথে ধরা বাংলাদেশি নারী

বাংলা টিভি ডেস্ক: ভারতের এক যুবকের সঙ্গে মোবাইল অ্যাপে পরিচয়ের পর প্রেম ও পরে মোবাইল ফোনে বিয়ের সম্পর্ক গড়ে ওঠে। সেই স্বামীর কাছে যাওয়ার উদ্দেশ্যে সীমান্ত পেরোনোর সময় এক বাংলাদেশি নারী ও তার তিন বছরের সন্তানকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আটক ওই নারীর নাম বৃষ্টি খাতুন (২৫)। তিনি মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়া এলাকার কহিনুর মুন্সির মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি আগে ইমরান হোসেন নামে এক ব্যক্তির স্ত্রী ছিলেন, পরে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (২২ মে) ভোরে পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকার মেইন পিলার ৭৫১-এর কাছাকাছি ভারতীয় ভূখণ্ডের সিপাহীপাড়া এলাকা থেকে বৃষ্টি খাতুন ও তার তিন বছর বয়সী মেয়ে আয়েশা খাতুনকে আটক করে বিএসএফের ৯৩ চানাকিয়া ক্যাম্পের টহল দল।

পরে বিষয়টি বিজিবিকে জানানো হলে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের পরিচয় যাচাই শেষে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে তাদের পঞ্চগড় সদর থানায় সোপর্দ করা হয় এবং পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

আটক নারী জানিয়েছেন, মোবাইল অ্যাপ ‘ইমো’-এর মাধ্যমে ভারতের মুর্শিদাবাদের এক ব্যক্তি মাইদুল শেখের সঙ্গে তার পরিচয় হয়। পরে সম্পর্ক গড়ে উঠে এবং মোবাইল ফোনেই তারা বিয়ে করেন। সেই স্বামীর কাছে যাওয়ার জন্যই তিনি দালালের মাধ্যমে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছিলেন বলে দাবি করেন।

সদর থানার ওসি আশরাফুল ইসলাম জানান, ওই নারী আগে একবারও ভারতে গিয়েছিলেন বলে জানা গেছে। বর্তমানে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button