নেশার টাকা না পেয়ে কিশোরের ‘আত্মহত্যা’

বাংলা টিভি ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে মাদক সেবনের টাকা না পেয়ে আমিনুল ইসলাম (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার (২৫ মে) বিকালে তাহিরপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত আমিনুল উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চাঁনপুর সীমান্ত গ্রামের তাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে কোনো এক সময় ওই কিশোর নিজ বসতঘরের ধর্নার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।
মঙ্গলবার চাঁনপুর সীমান্ত গ্রামের তাজুল ইসলামের জ্যেষ্ঠ ছেলে সোহেল জানান, নিহত ছোট ভাই আমিনুল এলাকার বখাটেদের পাল্লায় পড়ে গত দুই বছর ধরে ইয়াবা সেবনের পাশাপাশি অনলাইন জুয়ায় আসক্ত ছিল। এ কারণে পরিবারের সদস্যদের সঙ্গে তার বনিবনা হত না। সর্বশেষ মাদক সেবন ও জুয়া খেলার জন্য টাকা না পেয়ে সে আত্মহত্যার পথ বেছে নেয় বলে দাবি করেন তিনি।
তাহিরপুর থানার এসআই সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি অপমৃত্যু হিসেবে বিবেচনায় নিয়ে মামলা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, নিহতের পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী আমিনুল ইয়াবা সেবন ও অনলাইন জুয়ায় আসক্ত ছিল। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।



