জাতীয়

আদ-দ্বীনে মারা যাওয়া শিশুদের বয়স ছিল এক থেকে দুই দিন

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুরা সবাই ছিল এক ও দুই দিন বয়সী।

হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, হাসপাতালের যেই পোস্ট অপারেটিভ রুমে এই ঘটনা ঘটেছে সেখানে ছয় শিশু ও ১১ জন মা ছিলেন।

আদ-দ্বীন হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটগুলোর মহাপরিচালক অধ্যাপক নাহিদ ইয়াসমিন জানান, বুধবার (২৮ মে) সকাল ছয়টার সময় দায়িত্বরত নার্স দেখেছে (মায়েরাও নার্সকে বলেছে) শিশু অসুস্থ। দ্রুত তাদের এনআইসিইউতে নিয়ে যায় নার্সরা। এনআইসিইউ-তে নেওয়ার পর তারা দুই শিশুকে মৃত অবস্থায় পায়। চারটি শিশু খুবই ক্রিটিকাল অবস্থায় ছিল, তাদেরকে চিকিৎসকরা ভেন্টিলেশনে রাখে। পরে ওই শিশুদেরকেও বাঁচানো যায়নি।

এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, পোস্ট অপারেটিভ রুমে ছয় শিশুসহ ১১ জন মা ছিলেন। ঠান্ডা অনুভব করায় এক মা এসি বন্ধ রাখার অনুরোধ করেন। পরে এক নার্স প্রায় এক ঘণ্টার মতো এসি বন্ধ রাখেন।

তিনি আরো বলেন, গরম লাগলে এসি চালু করতে বললে দুই শিশু অসুস্থ হয়ে পড়ে। এর কিছুক্ষণ পর বাকি চার শিশুও অসুস্থ হয়। এসময় চিকিৎসাধীন অবস্থায় ছয় শিশুর মৃত্যু হয়।

ডিএমপি কমিশনার বলেন, এখানে সিআইডির ক্রাইম টিম কাজ করছে। আলামত সংগ্রহ করছে। বিস্তারিত পরে জানানো হবে।

অপরদিকে, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ৩ সদস্যদের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। আগামী তিন দিনের মধ্যে এই তদন্ত কমিটি রিপোর্ট দেবে। হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস এ তথ্য জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button