দাদি ও বাবার কবরের ফুলগাছ চুরির জবাবে পুরো গ্রাম ফুল ফুলে সাজালেন যুবক

বাংলা টিভি ডেস্ক: ফরিদপুরের সদরপুর উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামের এক তরুণ ব্যক্তিগত কষ্টকে রূপ দিয়েছেন এক অনন্য মানবিক উদ্যোগে। বাবা ও দাদির কবরের পাশে স্মৃতিচিহ্ন হিসেবে লাগানো ফুলগাছ চুরি হয়ে যাওয়ার ঘটনায় ক্ষোভ বা প্রতিশোধের পথ না বেছে তিনি পুরো গ্রামজুড়ে ১ হাজার ৫০০টি ফুলগাছ রোপণ করেছেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কয়েক মাস আগে হাওলাদার শামীম আহমেদ তার প্রয়াত বাবা ও দাদির কবরের পাশে হাসনাহেনা, কামিনী ও শিউলীসহ বিভিন্ন প্রজাতির ফুলগাছ লাগিয়েছিলেন। নিয়মিত পরিচর্যায় গাছগুলো বড় হতে শুরু করে এবং কিছু গাছে ফুলও ফোটে। কিন্তু একদিন সকালে কবরস্থানে গিয়ে তিনি দেখেন, রাতের আঁধারে কেউ গাছগুলো তুলে নিয়ে গেছে।
ঘটনাটি তাকে কষ্ট দিলেও তিনি ভিন্নভাবে বিষয়টি ভাবেন। শামীমের মতে, যে ব্যক্তি গাছগুলো নিয়েছে, সে হয়তো ফুল ভালোবাসে। সেই ভাবনা থেকেই তিনি সিদ্ধান্ত নেন আরও বেশি মানুষের কাছে ফুল ও সবুজের সৌন্দর্য পৌঁছে দেবেন।
নিজস্ব অর্থায়নে তিনি গ্রামের প্রায় দুই কিলোমিটার সড়কের দুই পাশের প্রায় ৫০০টি বাড়ির সামনে তিনটি করে মোট ১,৫০০টি ফুলগাছ লাগানোর উদ্যোগ নেন। ইতোমধ্যে বিভিন্ন স্থানে হাসনাহেনা, কামিনী, শিউলীসহ নানা ধরনের সৌন্দর্যবর্ধক গাছ রোপণ করা হয়েছে।
গ্রামবাসীরা বলছেন, এই উদ্যোগ শুধু গ্রামের সৌন্দর্যই বাড়াবে না, পরিবেশ রক্ষাতেও ইতিবাচক ভূমিকা রাখবে। ফুলের সুবাস ও সবুজে গ্রাম আরও প্রাণবন্ত হয়ে উঠবে এবং অন্যদের মাঝেও গাছ লাগানোর আগ্রহ তৈরি হবে।
স্থানীয়দের মতে, ব্যক্তিগত ক্ষতিকে সামাজিক কল্যাণে রূপান্তর করার এমন দৃষ্টান্ত বর্তমান সময়ে বিরল। হারিয়ে যাওয়া কয়েকটি ফুলগাছের বদলে শামীম যে ভালোবাসা ও মানবিকতার বাগান গড়ে তুলেছেন, তা অনেকের জন্যই অনুপ্রেরণা হয়ে থাকবে।



