ঝড়ে পড়ে যাওয়া গাছ ফের দাঁড়িয়ে গেল, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

বাংলা টিভি ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বচিয়ারা গ্রামে ঝড়ে উপড়ে পড়া একটি গাছ আবার দাঁড়িয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের দাবি, প্রায় দেড় মাস আগে এক প্রচণ্ড ঝড়ে মুন্সীবাড়ির পুকুরপাড়ের একটি বড় গাছ শিকড়সহ উপড়ে পড়ে যায়। পরে গাছটি বিক্রির পর কাঠুরিয়া ডালপালা কাটার কাজ শুরু করলে হঠাৎ গাছটির অবশিষ্ট অংশ আবার আগের অবস্থানের কাছাকাছি উঠে দাঁড়ায় বলে তারা জানান।
এরপর থেকেই গাছটি দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন। কেউ গাছের গোড়ায় লাল কাপড় বেঁধে মানত করছেন, আবার কেউ শিকড় সংগ্রহ করছেন বিভিন্ন রোগের উপশমের আশায়। এলাকায় বিষয়টি ঘিরে ধর্মীয় আবেগও তৈরি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, প্রায় ১৫ ফুট উচ্চতার একটি ডালপালাবিহীন অংশ কিছুটা হেলে দাঁড়িয়ে রয়েছে, যার গোড়ায় শিকড় ও কেটে ফেলা অংশগুলো পাশে পড়ে আছে।
মুন্সীবাড়ির সদস্যরা দাবি করেন, ঝড়ে গাছটি পড়ে যাওয়ার পর কাটার সময় হঠাৎ এটি আবার দাঁড়িয়ে যায়, যা তারা নিজের চোখে দেখেছেন। গাছের মালিক ও স্থানীয় বাসিন্দারাও এটিকে “আল্লাহর কুদরত” বলে উল্লেখ করেছেন।
তবে কাঠুরিয়া মো. আমিন মিয়া জানান, ঝড়ে গাছটি উপড়ে পড়া অবস্থাতেই তিনি কাটার কাজ শুরু করেছিলেন। তার ভাষায়, ডালপালা কাটার সময় গাছটি আবার দাঁড়িয়ে যায় বলে মনে হলেও তিনি কোনো অতিপ্রাকৃত কারণ বিশ্বাস করেন না।
এখনো পর্যন্ত গাছটির এমন আচরণের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নিশ্চিতভাবে পাওয়া যায়নি। ফলে ঘটনাটি এলাকায় বিস্ময়, কৌতূহল এবং নানা ধরনের ব্যাখ্যার জন্ম দিয়েছে।



