বাংলাদেশঅপরাধ

টাঙ্গাইলে ১৪৪ ধারা উপেক্ষা করে ফের সংঘর্ষ

বাংলা টিভি ডেস্ক: টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারির পরও নতুন করে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনটি বাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকালে নলীন বাজার ও জগৎপুরা এলাকায় আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, নিষেধাজ্ঞা উপেক্ষা করে সকালে দুই পক্ষ মাইকিং করে লোক জড়ো করে নতুন করে সহিংসতা শুরু করে।

এর আগে বৃহস্পতিবার (৪ জুন) রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হন এবং বেশ কয়েকটি বাড়ি ভাঙচুরের শিকার হয়। ওই ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধ্যরাতে স্থানীয় প্রশাসন এলাকায় ১৪৪ ধারা জারি করে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল দোকানে বাকি নেওয়াকে কেন্দ্র করে গোপালপুরের গোলপেঁচা ও ভূঞাপুরের জগৎকুড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। সেই বিরোধই পরবর্তীতে বড় আকারে সংঘর্ষে রূপ নেয়।

বৃহস্পতিবারের সংঘর্ষে অন্তত ১০টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে কালাম তালুকদারসহ কয়েকজন আহত হন এবং পরে একজনকে মৃত ঘোষণা করা হয়।

এদিকে নতুন করে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ১৪৪ ধারা কার্যকর থাকা সত্ত্বেও সহিংসতা অব্যাহত থাকায় পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান।

বর্তমানে পুরো এলাকা পুলিশি নজরদারিতে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button