বাংলাদেশ

আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি

বাংলা টিভি ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে বনফুল অ্যান্ড কোম্পানির একটি শাখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ও আলোচনা তৈরি হয়েছে। কিছু গণমাধ্যমে ‘ইউএনওকে আপা ডাকায় জরিমানা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলেও উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশা সংবাদ সম্মেলনে জানান, অভিযানের মূল কারণ ছিল খাদ্যপণ্যের অনিয়ম। তার ভাষায়, বনফুলের তাজপুর শাখায় দীর্ঘদিন ধরে বাসি মিষ্টি বিক্রির অভিযোগ ছিল এবং পূর্বেও প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছিল।

তিনি আরও জানান, অভিযানের সময় তিনি ক্রেতা সেজে দোকানে যান এবং সেখানে পুরোনো মিষ্টির সঙ্গে নতুন মিষ্টি মিশিয়ে বিক্রির বিষয়টি ধরা পড়ে। পরে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে এবং অনিয়মের সত্যতা পায়।

ইউএনও বলেন, “কাউকে ‘আপা’ ডাকা বা ব্যক্তিগত সম্বোধনের সঙ্গে জরিমানার কোনো সম্পর্ক নেই। জরিমানা করা হয়েছে প্রতিষ্ঠানকে খাদ্যমান লঙ্ঘনের কারণে।”

তিনি আরও স্পষ্ট করেন, অভিযানের সময় সংশ্লিষ্ট কর্মচারী ও ম্যানেজারের আচরণ এবং অনিয়মের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

বনফুল অ্যান্ড কোম্পানির স্থানীয় শাখা ব্যবস্থাপকও জানান, জরিমানার ঘটনা সম্বোধন বা ব্যক্তিগত কোনো কারণে নয়, বরং পণ্যের মান ও বাসি মিষ্টি বিক্রির অভিযোগের ভিত্তিতেই হয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘আপা ডাকায় জরিমানা’ শিরোনাম ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়, যা পরবর্তীতে প্রশাসনের ব্যাখ্যায় বিভ্রান্তিকর বলে উল্লেখ করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button