ঝড়ে পড়ে যাওয়ার পর ‘উঠে দাঁড়ানো’ সেই গাছ কেটে ফেললো প্রশাসন

বাংলা টিভি ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বচিয়ারা গ্রামে ঝড়ে উপড়ে পড়া একটি গাছকে ঘিরে কুসংস্কার ও ‘মাজার’ তৈরির চেষ্টা রোধে প্রশাসন গাছটি কেটে ফেলেছে।
শুক্রবার (৫ জুন) দুপুরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় গাছটি অপসারণ করা হয় বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে মুন্সীবাড়ির পুকুরপাড়ে থাকা একটি বড় গাছ ঝড়ে শিকড়সহ উপড়ে পড়ে। পরে গাছটির ডালপালা কেটে ফেলার কিছুদিন পর অবশিষ্ট প্রায় ১৫ ফুট দীর্ঘ কাণ্ড হঠাৎ আবার সোজা হয়ে দাঁড়িয়ে যায় বলে দাবি করেন এলাকাবাসী।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করতে শুরু করে। এরপর কিছু মানুষ গাছের গোড়ায় লাল কাপড় বেঁধে, মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে সেখানে মানত করতে থাকেন। একপর্যায়ে স্থানটি ‘মাজার সদৃশ’ রূপ নিচ্ছে—এমন অভিযোগও ওঠে।
এ অবস্থায় স্থানীয় সচেতন মহল বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। তাদের মতে, গাছটির এমন অবস্থাকে ঘিরে অলৌকিকতার ধারণা ছড়িয়ে পড়ছিল, যা কুসংস্কার ও অপব্যাখ্যার জন্ম দিতে পারে।
পরবর্তীতে আখাউড়া উপজেলা প্রশাসন সিদ্ধান্ত নিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় গাছটি কেটে ফেলে।
আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ বলেন, গাছটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল এবং মালিকের অনুমতি নিয়ে এটি অপসারণ করা হয়েছে। তিনি জানান, গাছ বিক্রির অর্থ দান হিসেবে একটি মসজিদ বা মাদরাসায় দেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়া কৌতূহল ও কুসংস্কারের অবসান ঘটাতে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।



