টানা ৪১ দিন জামাতে নামাজ, পুরস্কার হিসেবে ৯ শিশু-কিশোর পেল বাইসাইকেল

বাংলা টিভি ডেস্ক: মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা এলাকায় টানা ৪১ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৯ জন শিশু-কিশোরকে পুরস্কার হিসেবে বাইসাইকেল দেওয়া হয়েছে। পাশাপাশি আরও ২৯ জনকে সম্মাননা ক্রেস্ট এবং দুইজনকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
ব্যতিক্রমী এই উদ্যোগের আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন ‘আধারা মানবকল্যাণ ফাউন্ডেশন’। শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর আয়োজিত অনুষ্ঠানে ১০ থেকে ১৬ বছর বয়সী অংশগ্রহণকারী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, তরুণ প্রজন্মকে মসজিদমুখী করা এবং নিয়মিত নামাজের প্রতি উৎসাহিত করতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। এ আয়োজনে এলাকার প্রবাসীরাও আর্থিক সহায়তা দিয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সমন্বয়ক মো. অন্তর বেপারী। এ সময় স্থানীয় ধর্মীয় ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক চর্চা গড়ে তুলতে এমন উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তারা দেশের অন্যান্য এলাকাতেও এ ধরনের আয়োজন ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
স্থানীয়দের মতে, পুরস্কারের মাধ্যমে শিশু-কিশোরদের ভালো কাজে উৎসাহিত করার এই উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।



