আন্তর্জাতিকইন্ডিয়া

৫ বছরের মেয়েকে হত্যা করে প্রেমিকের সঙ্গে পালালেন মা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বেঙ্গালুরুতে পাঁচ বছর বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় শিশুটির মা এবং তার কথিত প্রেমিকের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত ২৪ মার্চ ভেন্নিলা নামের শিশুটির মৃত্যু হয়। পরে তার বাবা প্রবীণ অভিযোগ করেন, তার স্ত্রী প্রিয়াঙ্কা এবং প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ পরিচিত মোহন এই ঘটনার সঙ্গে জড়িত।

পুলিশের তথ্য অনুযায়ী, বিবাহিত জীবনের টানাপোড়েনের মধ্যে কয়েক বছর আগে কলেজজীবনের বন্ধু মোহনের সঙ্গে পুনরায় যোগাযোগ শুরু করেন প্রিয়াঙ্কা। পরবর্তীতে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং একপর্যায়ে তিনি ছোট মেয়েকে নিয়ে আলাদা বসবাস শুরু করেন।

শিশুটির মৃত্যুর বিষয়ে প্রিয়াঙ্কার বক্তব্যে একাধিক অসঙ্গতি পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। কখনও তিনি শিশুটিকে খাবার খাইয়ে ঘুমিয়ে পড়ার কথা বলেছেন, আবার কখনও অন্য ব্যাখ্যা দিয়েছেন। এসব কারণে ঘটনার রহস্য আরও ঘনীভূত হয়।

তদন্তে অভিযোগ উঠেছে, শিশুটিকে শারীরিকভাবে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় মোহনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে শিশুটির মা প্রিয়াঙ্কা এখনও পলাতক রয়েছেন এবং তাকে আটক করতে অভিযান চালানো হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে ফরেনসিক পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষা করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগগুলোকে প্রাথমিক তথ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button