বাংলাদেশ

হোটেলের বন্ধ কক্ষে সাবেক ইউপি সদস্যের মৃত্যু! পরিচয় মিললো সেই নারী সঙ্গীর

বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের চারমাথা এলাকায় অবস্থিত সেঞ্চুরি মোটেলের একটি কক্ষ থেকে এরুলিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বিপুল চন্দ্র পাল (৪৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার সঙ্গে অবস্থানকারী এক নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জুন রাতে বিপুল চন্দ্র পাল এক নারীকে সঙ্গে নিয়ে মোটেলের ৬১০ নম্বর কক্ষ ভাড়া নেন। পরদিন সকালে কক্ষে তার শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি মোটেল কর্তৃপক্ষের নজরে আসে। পরে খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত বিপুল চন্দ্র পাল বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানান, ঘটনার সময় কক্ষে উপস্থিত থাকা মোছা. মুর্শেদা নামের এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বাড়ি দিনাজপুর জেলার পীরগঞ্জ উপজেলার চৌপুকুরিয়া গ্রামে।

ওসি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মোটেলের একটি কক্ষ থেকে সাবেক জনপ্রতিনিধির মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কোনো কারণে হয়েছে, সে বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button