বাংলাদেশঅপরাধ

গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

বাংলা টিভি ডেস্ক: লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে হত্যার অভিযোগে গণপিটুনিতে নিহত অন্তর মজুমদারের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের উদ্যোগ নেয় পুলিশ। তবে পরিবারের সদস্যরা তার মরদেহ গ্রহণে অস্বীকৃতি জানালে শেষ পর্যন্ত দূর সম্পর্কের এক আত্মীয়ের কাছে লাশটি বুঝিয়ে দেওয়া হয়।

শুক্রবার (২৬ জুন) রাত ৮টার দিকে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াকুব বিষয়টি নিশ্চিত করেন।

নিহত অন্তর মজুমদার (২৮) নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর থানার চরভাটা এলাকার চরবজলুল করিম গ্রামের বাসিন্দা এবং কার্তিক মজুমদারের ছেলে।

এসআই ইয়াকুব জানান, মরদেহ হস্তান্তরের জন্য পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা লাশ নিতে রাজি হননি। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সহযোগিতায় অন্তরের দূর সম্পর্কের চাচাতো ভাই টিটু মজুমদারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।

এদিকে, গণপিটুনিতে অন্তরের মৃত্যুর ঘটনায় রায়পুর থানার এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে রায়পুর পৌরসভার ধানহাটা নদীর পাড় এলাকার একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাটে ঢুকে অন্তর মজুমদার ধারালো অস্ত্র দিয়ে শাহিনুর বেগম ও তার তিন মেয়ের ওপর হামলা চালান। ঘটনাস্থলেই শাহিনুর বেগম, তার মেয়ে ইকরা আক্তার ও শিফা আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত বড় মেয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়মা আক্তারকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনার পর স্থানীয় জনতা অন্তরকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button