আন্তর্জাতিক

খাসির মাংসের বদলে মুরগি দেওয়ায় বিয়েবাড়িতে তুমুল মারামারি

আন্তর্জাতিক ডেস্ক: বিয়ের অনুষ্ঠানে খাসির মাংসের পরিবর্তে মুরগির মাংস পরিবেশন করাকে কেন্দ্র করে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুর এলাকায়।

পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে মোহাম্মদ আনোয়ারের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ ওরফে চাঁদের সঙ্গে মোহাম্মদ জাভেদ ওরফে মোটোর মেয়ের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছিল।

তবে খাবার পরিবেশনের সময় দুই পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। বরপক্ষের অভিযোগ, তাদের জন্য খাসির মাংসের ব্যবস্থা করার কথা থাকলেও পরে খাবারে মুরগির মাংস পরিবেশন করা হয়। এ বিষয়টি নিয়ে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়, পরে তা সংঘর্ষে রূপ নেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়াতে দেখা গেছে বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত ব্যক্তিদের সিমরি বখতিয়ারপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button