বাংলাদেশপ্রধানমন্ত্রী

‘আমার মাথায় হেলথ নেই, উনি আছেন’, স্ত্রীকে দেখিয়ে প্রধানমন্ত্রীর হাস্যরস!

বাংলা টিভি ডেস্ক: ঢাকা মেডিক্যাল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানের উদ্বোধন শেষে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় যোগ দেন তিনি।

সভায় চিকিৎসক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি তাদের মতামত ও পরামর্শও শোনেন তিনি।

মতবিনিময়ের একপর্যায়ে এক অংশগ্রহণকারী প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, স্বাস্থ্য খাত নিয়ে তার পরিকল্পনা বা ভাবনা কী। এ সময় পাশে থাকা স্ত্রী ডা. জুবাইদা রহমানকে ইঙ্গিত করে হাস্যরসের ভঙ্গিতে প্রধানমন্ত্রী বলেন, “আমার মাথায় হেলথ নেই, উনি আছেন।”

তার এই মন্তব্যের পর পুরো অডিটোরিয়ামে হাসির পরিবেশ তৈরি হয়। পরে ওই অংশগ্রহণকারী বলেন, ডা. জুবাইদা রহমান যদি স্বাস্থ্য খাতের উন্নয়নে উদ্যোগ নেন, তাহলে তা সবার জন্য গর্বের বিষয় হবে।

এর আগে শনিবার (১১ জুলাই) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে পৌঁছে শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি ক্যাম্পাসে একটি বৃক্ষরোপণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

সংশ্লিষ্ট খবর

Back to top button