বাংলাদেশ

যমুনার চরে ‘আর্জেন্টিনা বটগাছ’

বাংলা টিভি ডেস্ক: সিরাজগঞ্জের বেলকুচিতে একটি বটগাছ এখন আর্জেন্টিনা সমর্থকদের ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে। বিশাল আকৃতির গাছটির কাণ্ড, ডালপালা ও চারপাশ নীল-সাদা রঙে সাজানো হয়েছে। দূর থেকে দেখলে মনে হয়, যমুনার চরে দাঁড়িয়ে থাকা গাছটি যেন আর্জেন্টিনার পতাকার রূপ ধারণ করেছে।

বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের সীমান্তবর্তী আজগড়া-জামতৈল খেয়াঘাটের পূর্ব পাশে যমুনার চরে থাকা পুরোনো এই বটগাছটি রাঙানোর উদ্যোগ নেন স্থানীয় আর্জেন্টিনা সমর্থকেরা। এলাকাবাসীর চাঁদায় প্রায় ১০ হাজার টাকা সংগ্রহ করে ১৯ জন বিভিন্ন বয়সী মানুষ প্রায় দুই সপ্তাহ ধরে গাছটিকে নীল-সাদা রঙে সাজান।

এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ‘আর্জেন্টিনা বটগাছ’-এর ছবি ও ভিডিও। প্রতিদিন দূর-দূরান্ত থেকে ফুটবলপ্রেমী ও দর্শনার্থীরা গাছটি দেখতে আসছেন। অনেকে সেখানে ছবি তুলছেন, আবার কেউ পরিবার নিয়ে ঘুরতে যাচ্ছেন।

স্থানীয়রা জানান, আড়াই যুগেরও বেশি পুরোনো এই বটগাছটি এতদিন যমুনার চরের পথচারীদের ছায়া দিয়ে আসছিল। বর্তমানে চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা গাছটি নীল-সাদা সাজে নতুন পরিচিতি পেয়েছে। গাছের ওপরে উড়ছে বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা। পাশের চায়ের দোকানে বড় পর্দায় খেলা দেখার আয়োজনও করা হয়েছে।

বিশ্বকাপের সময় এই স্থানটি হয়ে ওঠে ফুটবলপ্রেমীদের মিলনস্থল। বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচ থাকলে সেখানে তৈরি হয় উৎসবের পরিবেশ। স্থানীয় সমর্থকেরা চাঁদা তুলে খাবারের আয়োজন, সাউন্ড সিস্টেম ও আলোকসজ্জার ব্যবস্থা করেন।

আর্জেন্টিনা সমর্থক আসাদুল ইসলাম জানান, এবার দ্বিতীয়বারের মতো বটগাছটি নীল-সাদা রঙে সাজানো হয়েছে। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা এবং ফুটবল তারকা লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ফুটবলের উন্মাদনা এখন যমুনার চরাঞ্চলেও ছড়িয়ে পড়েছে। কাজ শেষে বিকেল ও সন্ধ্যায় সমর্থকেরা এখানে জড়ো হয়ে ফুটবল নিয়ে আলোচনা করেন এবং ২০২৬ বিশ্বকাপের সম্ভাব্য বিজয়ী দল নিয়ে নিজেদের মতামত ভাগাভাগি করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button