আন্তর্জাতিকইন্ডিয়া

গরু জবাই নিয়ে জয়ের পথে বিজয় সরকার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সুপ্রিম কোর্ট তামিলনাড়ুতে ঈদুল আজহাসহ অন্য যেকোনো দিনে গরু বা বাছুর জবাইয়ের ওপর মাদ্রাজ হাইকোর্টের আরোপ করা নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেছেন। সর্বোচ্চ আদালত জানিয়েছেন, হাইকোর্টের আগের নির্দেশে সংশোধনের প্রয়োজন রয়েছে।

সোমবার (১৩ জুলাই) সুপ্রিম কোর্ট এ আদেশ দেন। এর মাধ্যমে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের নেতৃত্বাধীন তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) সরকারের করা আপিলের প্রাথমিক সাফল্য এসেছে।

এর আগে গত ২৭ মে মাদ্রাজ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ১৯৭৬ সালের একটি সরকারি আদেশের ভিত্তিতে তামিলনাড়ুতে সম্পূর্ণভাবে গরু জবাই নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছিল। আদালতের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করে।

আপিলে রাজ্য সরকারের আইনজীবীরা যুক্তি দেন, বিদ্যমান আইনে নির্দিষ্ট কিছু শর্তে ও নির্দিষ্ট শ্রেণির গবাদিপশু জবাইয়ের অনুমতি রয়েছে। তাই বর্তমান আইনি কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক কোনো পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে না।

মাদ্রাজ হাইকোর্টের ওই বেঞ্চে বিচারপতি জিআর স্বামীনাথন ও বিচারপতি ভি লক্ষ্মীনারায়ণন ছিলেন। আদালত ১৯৭৬ সালের সরকারি আদেশের উল্লেখ করে বলেছিল, গবাদিপশু সংরক্ষণ, দুধ উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতির স্বার্থে এ ধরনের পদক্ষেপ প্রয়োজন।

রায়ে বিচারপতি স্বামীনাথন ভারতীয় সংবিধানের ৪৮ নম্বর অনুচ্ছেদের কথা উল্লেখ করেন, যেখানে গবাদিপশুর সংরক্ষণে রাষ্ট্রের ভূমিকার কথা বলা হয়েছে। তিনি ভারতীয় সংস্কৃতিতে গরুর বিশেষ মর্যাদার বিষয়টিও তুলে ধরেছিলেন।

তবে হাইকোর্টের ওই সিদ্ধান্তের বিরোধিতা করে সংখ্যালঘু ও স্থানীয় বিভিন্ন সংগঠন দাবি করে, তামিলনাড়ুতে মুসলিম সম্প্রদায়সহ বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের অংশ হিসেবে পশু কোরবানির প্রথা রয়েছে। তাদের মতে, শুধু লাইসেন্সপ্রাপ্ত কসাইখানায় জবাই সীমাবদ্ধ করা বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তামিলনাড়ু সরকারও আদালতে জানিয়েছিল, রাজ্যে পশু সংরক্ষণ ও কসাইখানা সংক্রান্ত আইন থাকলেও সেগুলো জবাইয়ের নিয়ম ও শর্ত নির্ধারণ করে; সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিধান নেই।

সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button