বাংলাদেশ

‘অনুরোধ করলাম, কেউ শুনল না’ — উত্তরার সড়কে চাকরিপ্রত্যাশীর আক্ষেপ

বাংলা টিভি ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচির কারণে রাজধানীর উত্তরার বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুর দেড়টার পর থেকে শুরু হওয়া এ যানজটে আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন চাকরিপ্রার্থী, ব্যবসায়ী, বিদেশগামী যাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

যানজটে আটকে পড়া মাহমুদুল হাসান জানান, বিকেল ৩টায় তার একটি গুরুত্বপূর্ণ চাকরির ইন্টারভিউ ছিল। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করলেও উত্তরার সড়কে আটকে পড়েন তিনি। আন্দোলনকারীদের কাছে পথ ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও কোনো সাড়া পাননি। ফলে সময়মতো ইন্টারভিউতে অংশ নিতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কায় পড়েন তিনি।

একই ধরনের দুর্ভোগের কথা জানান কাঁচামালবাহী ট্রাকচালক শের আলী। তিনি বলেন, প্রায় দুই ঘণ্টা ধরে একই স্থানে আটকে আছেন। গাড়িতে থাকা কাঁচামাল সময়মতো বাজারে পৌঁছানো না গেলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।

বিদেশগামী এক যাত্রীও ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি কর্মসূচির কারণে হাজারো মানুষ দুর্ভোগে পড়েছেন। দীর্ঘ সময় ধরে সড়কে যানবাহন আটকে থাকায় গন্তব্যে পৌঁছানোর কোনো উপায় নেই।

শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে উত্তরার বিএনএস সেন্টার, আজমপুর, জসীমউদ্দীনসহ আশপাশের বিভিন্ন সড়কে যান চলাচল কার্যত স্থবির হয়ে পড়ে। এতে অফিসগামী মানুষ, ব্যবসায়ী, বিমানবন্দরমুখী যাত্রী এবং সাধারণ পথচারীদের দুর্ভোগ আরও বেড়ে যায়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, টানা বৃষ্টি, জলাবদ্ধতা এবং দেশের বিভিন্ন এলাকায় চলমান বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে তারা আন্দোলনে নেমেছেন। তাদের দাবি, পরীক্ষা স্থগিত, নতুন সময়সূচি ঘোষণা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button