গ্রাম বাংলাদেশবাংলা

কলাবাগান থেকে নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় একটি কলাবাগান থেকে বাদশা শেখ (৪২) নামে এক নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তরপাড়া সাঁওতা এলাকায় কালী নদীর সংলগ্ন একটি কলাবাগানে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত বাদশা শেখ চাপড়া ইউনিয়নের সাঁওতা গ্রামের মৃত আফতাব শেখের ছেলে। তিনি স্থানীয় কালী গঙ্গা নদীর মাছ চাষ প্রকল্পে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের ফুফাতো ভাই ও চাপড়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হেলাল শেখ জানান, প্রায় তিন দিন আগে রাতে কর্মস্থলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন বাদশা। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। বুধবার দুপুরের দিকে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা মরদেহটি বাদশার বলে শনাক্ত করেন।

বাঁধ বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, “স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনরা মরাদেহটি বাদশা শেখের বলে শনাক্ত করেছেন। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরাদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরো বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button