গ্রাম বাংলাদেশবাংলা

মুন্সীগঞ্জে খাবারে ক্ষতিকর রঙের ব্যবহার করায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি: ​মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালি বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে।

বুধবার (১৫ জুলাই) দুপুর ২টা থেকে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

​অভিযানে দেখা যায়, ‘মারুফ এন্টারপ্রাইজ’ নামক একটি দোকানে ১২ কেজি ওজনের এলপি গ্যাস সিলিন্ডার সরকার নির্ধারিত দাম ১৫২৮ টাকার পরিবর্তে ১৬০০ টাকায় বিক্রি করা হচ্ছে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির দায়ে দোকান মালিক সংগ্রাম ভূঁইয়াকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

​অন্যদিকে, ‘জিনজিরা কাচ্চি ডাইন’ রেস্টুরেন্টে তল্লাশি চালিয়ে দেখা যায়, তারা কাচ্চি বিরিয়ানির সাথে নন-ফুড গ্রেড (অখাদ্য) রঙ মিশিয়ে খাবার প্রস্তুত করছে। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এই অপরাধে রেস্টুরেন্টের ম্যানেজার রুহুল আমিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে খাবারে কোনোভাবেই ক্ষতিকর রঙ ব্যবহার না করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

​জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ এই অভিযান পরিচালনা করেন। অভিযানে তাকে সহায়তা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা এবং শ্রীনগর থানা পুলিশের একটি টিম।

সংশ্লিষ্ট খবর

Back to top button