সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাংলা টিভি ডেস্ক: রাঙামাটির বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ায় সাজেকে পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন।
বুধবার (১৫ জুলাই) বিকেলে জেলা প্রশাসনের জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ জুলাই গণবিজ্ঞপ্তিতে জারিকৃত নির্দেশনা পরিবর্তনক্রমে সাজেক ভ্যালীসহ বাঘাইছড়ি উটজেলার সব পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উম্মুক্ত করা হলো।
তবে চলতি বর্ষা মৌসুমে পার্বত্য জেলায় ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।
সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ বলেন, রাঙামাটি জেলা প্রশাসন সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ায় আমরা জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। নোটিশ পাওয়ার পর পরই আমরা আমাদের পেজে জানিয়ে দিয়েছি। আশা করছি দ্রুতই বুকিং শুরু হবে। বন্ধকালীন যে ক্ষতি হয়েছে আশা করছি তা কাটিয়ে উঠতে পারবো।
তিনি আরও বলেন, দেশের সব ভ্রমণপিপাসুদের প্রতি আহ্বান জানাই, আপনারা আসুন, এই বর্ষায় মেঘের রাজ্য সাজেকের সৌন্দর্য উপভোগ করুন।
প্রসঙ্গত, গত ৭ জুলাই রাঙামাটি পার্বত্য জেলায় অব্যাহত ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে ভূমিধস ও পাহাড়ধসের ঘটনা ঘটে। একই সঙ্গে পাহাড়ি ঢল ও ধসের কারণে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাও মারাত্মকভাবে বিঘ্নিত হয়।
ঝুঁকি বিবেচনা করে পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে রাঙামাটি জেলাধীন বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে প্রশাসন।



