রাজনীতি

বিএনপির রাজনীতি করে সব হারানো জাহিদুলের বসবাস এখন দলীয় কার্যালয়ে

বাংলা টিভি ডেস্ক: দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় ব্যক্তিগত ও পারিবারিক জীবনে নানা সংকটের মুখে পড়েছেন নাটোরের নলডাঙ্গা উপজেলার জাহিদুল ইসলাম অমি (৩৬)। পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় শেষ পর্যন্ত নিজের থাকার জায়গা হারিয়ে দলীয় কার্যালয়েই আশ্রয় নিয়েছেন তিনি।

জাহিদুল ইসলাম নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক। স্থানীয় সূত্রে জানা যায়, কিশোর বয়স থেকেই তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয়। গত প্রায় ১৭ বছরে বিভিন্ন সময়ে মামলা, গ্রেপ্তার ও হয়রানির মুখোমুখি হলেও তিনি রাজনৈতিক কার্যক্রম থেকে সরে আসেননি।

স্বজনদের অভিযোগ, পরিবারের চেয়ে রাজনীতিতেই তার বেশি সময় ও মনোযোগ ছিল। এ কারণে কয়েক মাস আগে স্ত্রী লাকী বেগম ছোট মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। পরে তিনি জাহিদুলকে তালাকের নোটিশও পাঠান বলে জানা গেছে। একই সঙ্গে বাবা-মায়ের সঙ্গেও তার দূরত্ব তৈরি হয়েছে এবং তাদের বাড়িতেও তিনি আর থাকতে পারছেন না।

দীর্ঘদিন বিভিন্ন পরিচিতজনের বাড়িতে রাত কাটানোর পর সেখানেও আশ্রয়ের সুযোগ কমে গেলে প্রায় দুই মাস আগে তিনি মাধনগর ইউনিয়নের বাঁশিলা ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে বসবাস শুরু করেন। দলের এক শুভাকাঙ্ক্ষী তার জন্য একটি কাঠের চৌকি কিনে দিলে কার্যালয়ের এক কোণেই বিছানা পেতে থাকছেন তিনি।

জাহিদুল ইসলাম বলেন, রাজনীতি তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। এ কারণে পরিবারকে সময় দিতে পারেননি এবং একে একে অনেক কিছু হারিয়েছেন। বর্তমানে অন্যের কাজ করে জীবিকা নির্বাহ করেন এবং অবসর সময় দলীয় কার্যালয়েই কাটান। ভবিষ্যতে কোনো নেতার সহযোগিতায় একটি ছোট ঘরের ব্যবস্থা হলে সেখানে থাকতে চান বলেও জানান তিনি।

মাধনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রায়হান মিয়া বলেন, জাহিদুল শুধু রাজনৈতিক কর্মী নন, তিনি একজন ভালো কণ্ঠশিল্পীও। নির্বাচনি প্রচারণায় তার গাওয়া অনেক গান রয়েছে। তবে তার বর্তমান পরিস্থিতিতে সংগঠনের পক্ষ থেকে উল্লেখযোগ্য সহায়তা করা সম্ভব হয়নি।

স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম জানান, জাহিদুল দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করছেন। আপাতত তিনি দলীয় কার্যালয়েই থাকছেন। জেলা নেতাদের সঙ্গে আলোচনা করে তার জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করার চেষ্টা করা হবে।

এদিকে নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার বলেন, জাহিদুলের বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য উপজেলা নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় তথ্য পাওয়ার পর সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button