যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদেরই প্রার্থী হিসেবে বেছে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অযোগ্য বা দুর্বল কাউকে মনোনয়ন দেওয়া হলে অন্যরা সেই সুযোগ কাজে লাগাবে। তাই দলের মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রোববার (৯ আগস্ট) রাতে চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লুতে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত সাংগঠনিক সভায় তিনি এসব কথা বলেন। সভায় দলের ছয় শতাধিক নেতাকর্মী অংশ নেন।
নগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সদস্যসচিব নাজিমুর রহমান। এতে বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সভায় উপস্থিত একাধিক বিএনপি নেতার ভাষ্য অনুযায়ী, দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন তারেক রহমান। পাশাপাশি তাদের আরও সক্রিয় ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশে এখনো ‘গুপ্ত বাহিনীর’ ষড়যন্ত্র চলছে এবং ফ্যাসিবাদী শক্তিও বিভিন্নভাবে ষড়যন্ত্রে সক্রিয় রয়েছে। ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসার বিচার এক মাসের মধ্যে সম্পন্ন করার কথা থাকলেও তা ১৫ দিনের মধ্যেই শেষ হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এরপরও এই বিচার নিয়ে গুপ্ত বাহিনী মিথ্যাচার করেছে বলে অভিযোগ করেন তারেক রহমান।
বিএনপিকে একটি পরিবারের সঙ্গে তুলনা করে তিনি বলেন, বিএনপি পরিবারের সবাই যেন একই ঘরের বাসিন্দা। কোনো কারণে সেই ঘরে যাতে ফাটল বা ভাঙন না ধরে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে তা শক্ত হাতে ধরে রাখতে হবে।
এ সময় সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। বিএনপি সরকারের পক্ষ থেকে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড চালুর কথা উল্লেখ করে এসব কর্মসূচির বিষয়ে সাধারণ মানুষকে অবহিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।



