Uncategorized

মাকে শিক্ষিত করতে হবে, তবেই সন্তান শিক্ষিত হবে: ত্রাণমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: মাকে শিক্ষিত করার ওপর গুরুত্ব দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, একজন মা শিক্ষিত হলে তাঁর সন্তানও শিক্ষার আলোয় আলোকিত হবে। কর্মব্যস্ততার কারণে অনেক বাবা সন্তানদের পর্যাপ্ত সময় দিতে না পারলেও মায়েরা সবসময় সন্তানদের পাশে থেকে তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

রোববার (১৬ আগস্ট) সকালে লালমনিরহাটের মজিদা খাতুন সরকারি মহিলা কলেজে নবনির্মিত ছয়তলা একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সমাজে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা ছাড়া একটি ভারসাম্যপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব নয়। তাই নারীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। দেশের উন্নয়নে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থাকে শক্তিশালী করা গেলে দেশের ভিত্তিও আরও মজবুত হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের যথাযথ সম্মান নিশ্চিত করা প্রয়োজন। এতে মেধাবী ও যোগ্য ব্যক্তিরা শিক্ষকতা পেশায় আসতে উৎসাহিত হবেন। এ কারণে সরকার চলতি বাজেটে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বলেও জানান তিনি।

শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের অসৌজন্যমূলক আচরণ এবং শিক্ষক লাঞ্ছনার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ত্রাণমন্ত্রী বলেন, শিক্ষকদের শারীরিকভাবে হেনস্তা করা কোনোভাবেই একটি সুস্থ ও সভ্য সমাজের চিত্র হতে পারে না। এ ধরনের ঘটনা সামাজিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের ইঙ্গিত দেয়।

নতুন প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধ, শিষ্টাচার ও নৈতিকতা গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, সামাজিক অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি শিক্ষার প্রসার এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, নতুন ভবন, বাস বা অন্যান্য স্থাপনা তৈরি করলেই কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত হয় না। মানুষের নিরাপত্তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। সন্তানদের স্কুল-কলেজে পাঠানোর পর যেন অভিভাবকদের অপহরণ বা নিখোঁজ হওয়ার আশঙ্কায় থাকতে না হয়, এমন একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার রায়। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা এবং কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী লালমনিরহাটের বড়বাড়ীতে শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ে এসএসসি-২০২৬ ব্যাচের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button