বাংলাদেশ

কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

বাংলা টিভি ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক কিশোরীকে বিয়ে দিতে পরিবারের অসম্মতিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশীনগর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, কাশীনগর গ্রামের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন একই গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে রাকিব। তবে তার সঙ্গে মেয়ের বিয়ে দিতে সম্মত হয়নি কিশোরীর পরিবার। এ নিয়ে বিরোধের একপর্যায়ে সম্প্রতি মেয়েটির পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে ওই কিশোরীর সঙ্গে দেখা করতে তার বাড়ির সামনে যান রাকিব। এ সময় কিশোরীর পরিবারের সদস্যরা তাকে গালিগালাজ করেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মারামারিতে জড়িয়ে পড়েন। রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে চলা এ সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন।

বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র সরকার জানান, কিশোরীর বিয়েকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button