বাংলাদেশ

চা-দোকানি পরিবারের জিপিএ-৫ পাওয়া ১৩৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ‘নাম্বার ওয়ান’

বাংলা টিভি ডেস্ক: চা-দোকানি পরিবারের সন্তানদের শিক্ষাগত সাফল্যের স্বীকৃতি দিতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) জনপ্রিয় ব্র্যান্ড ‘নাম্বার ওয়ান’। শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও উপহার তুলে দেওয়ার পাশাপাশি এইচএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য আগামী দুই বছর শিক্ষাসহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা ২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের অভিভাবকেরাও অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক এবং টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক।

আয়োজকেরা জানান, শিক্ষাসহায়তার আওতায় শিক্ষার্থীরা আগামী দুই বছর অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুলের বিভিন্ন একাডেমিক কোর্স ব্যবহারের সুযোগ পাবে। এর মাধ্যমে তারা এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে।

শিক্ষার্থীদের উদ্দেশে আনিসুল হক বলেন, জীবনে সফল হতে শুধু ভালো ফলাফল যথেষ্ট নয়। বড় স্বপ্ন দেখা, কঠোর পরিশ্রম করা এবং প্রতিকূলতা মোকাবিলা করে এগিয়ে যাওয়ার মানসিকতাও থাকতে হবে। পরিবারের নানা সীমাবদ্ধতা যেন স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।

টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক বলেন, সঠিক দিকনির্দেশনা ও শিক্ষার সুযোগ একজন শিক্ষার্থীর জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। এসএসসিতে জিপিএ-৫ অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধার পরিচয় দিয়েছে। এখন নিয়মিত পড়াশোনা, পরিকল্পিত প্রস্তুতি ও আত্মবিশ্বাসের মাধ্যমে এইচএসসি পরীক্ষায় ভালো ফল অর্জনের চেষ্টা করতে হবে।

এমজিআইয়ের চিফ অ্যাকাউন্টস অফিসার মো. রহমতুল্লাহ খন্দকার বলেন, চা-দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করা অভিভাবকদের ত্যাগ ও সন্তানদের পরিশ্রমের ফল এই শিক্ষার্থীদের সাফল্য। বৃত্তি ও দুই বছরব্যাপী শিক্ষাসহায়তা তাদের উচ্চমাধ্যমিক পর্যায়ের পড়াশোনায় সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রতিষ্ঠানটির চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার আতীক উজ জামান খান বলেন, সন্তানদের সাফল্যের পেছনে বাবা-মায়ের অবদান অনস্বীকার্য। ‘নাম্বার ওয়ান’-এর এ উদ্যোগ শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করবে।

অনুষ্ঠানে সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীদের একজন কক্সবাজারের বাইতুশ শরফ স্কুলের দিয়া চৌধুরী বলেন, এ আয়োজন তাঁদের জন্য বড় অনুপ্রেরণা। আগামী দুই বছর শিক্ষাসহায়তা পেলে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে সুবিধা হবে। ভবিষ্যতে মনোযোগ দিয়ে পড়াশোনা করে পরিবার ও দেশের জন্য অর্থবহ কিছু করতে চান তিনি।

অনুষ্ঠানে এমজিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন চিফ অ্যাকাউন্টস অফিসার মো. রহমতুল্লাহ খন্দকার, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার আতীক উজ জামান খান, সিনিয়র জেনারেল ম্যানেজার (অডিট) সাজ্জাদ হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড) মুহাম্মদ মাহবুবুর রহমান এবং সহকারী জেনারেল ম্যানেজার অর্জুন চন্দ্র নাথ, আবদুর রহিম শেখ ও রতন মজুমদার।

উল্লেখ্য, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত একটি বাংলাদেশি শিল্পগোষ্ঠী। ভোগ্যপণ্য, জ্বালানি, উৎপাদন ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। ‘নাম্বার ওয়ান’ ব্র্যান্ডের মাধ্যমে চা-দোকানিদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ধারাবাহিকতায় তাঁদের সন্তানদের শিক্ষাগত অগ্রগতিতে সহায়তার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

সংশ্লিষ্ট খবর

Back to top button