বিনোদন

মিস ইউনিভার্সের সেরা দুইয়ে বাংলাদেশের মাহি, শেষ মুহূর্তে ভোট দেওয়ার আহ্বান

বিনোদন ডেস্ক: বিশ্বসুন্দরীদের প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স ২০২৬’-এর ফ্যান ভোটে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি উঠে এসেছেন দ্বিতীয় অবস্থানে। ভোটের সময় শেষ হতে বাকি মাত্র ১৬ ঘণ্টা। এই সময়ের মধ্যে বাংলাদেশকে শীর্ষস্থানে পৌঁছে দিতে দেশবাসীর কাছে আরও বেশি ভোট ও সমর্থন চেয়েছেন তিনি।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে সামিরা খান মাহি এ তথ্য জানান। একই সঙ্গে এই অর্জনের পেছনে দেশবাসীর ভালোবাসা ও নিরন্তর সমর্থনের কথা তুলে ধরেন তিনি।

পোস্টে সামিরা লেখেন, সবার অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থনে মিস ইউনিভার্সের ফ্যান ভোটে বাংলাদেশ এখন দ্বিতীয় অবস্থানে। এই অর্জন শুধু তার একার নয়, বরং পুরো দেশের মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফল। বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরাই তার স্বপ্ন। আর সেই স্বপ্ন পূরণে এখন সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও জানান, ভোটের সময় শেষ হওয়ার আগে বাংলাদেশের সামনে প্রথম স্থানে উঠে আসার সুযোগ রয়েছে। তাই শেষ মুহূর্ত পর্যন্ত সবাইকে ভোট অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

যেভাবে ভোট দেবেন সামিরা খান মাহিকে

বাংলাদেশের প্রতিনিধিকে ভোট দিতে আগ্রহীদের প্রথমে অ্যাপল অ্যাপ স্টোর অথবা গুগল প্লে স্টোর থেকে ‘MU FAN’ অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করতে হবে। এরপর অ্যাপের ‘VOTE’ অপশনে গিয়ে ‘Miss Universe Bangladesh’ নির্বাচন করে বিনামূল্যে ভোট দেওয়া যাবে। চাইলে নির্ধারিত অর্থের বিনিময়ে অতিরিক্ত ভোট দেওয়ার সুযোগও রয়েছে।

এ ছাড়া অ্যাপের বিভিন্ন গেম খেলে পয়েন্ট সংগ্রহ করেও বাংলাদেশের প্রতিযোগীকে সমর্থন জানানো যাবে।

দেশবাসীর উদ্দেশে সামিরা খান মাহি বলেন, সবাই যেন নিজে ভোট দেওয়ার পাশাপাশি পরিবার, বন্ধু ও পরিচিতদেরও ভোট দিতে উৎসাহিত করেন। ১৮ কোটি মানুষের সম্মিলিত সমর্থনে বাংলাদেশকে শীর্ষ অবস্থানে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

শেষ মুহূর্তের এই লড়াইয়ে বাংলাদেশের অবস্থান ধরে রাখা এবং প্রথম স্থান অর্জনের লক্ষ্যে এখন দেশবাসীর ভোটের দিকেই তাকিয়ে রয়েছেন সামিরা খান মাহি।

সংশ্লিষ্ট খবর

Back to top button