বিনা খরচে আজ মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। এরই ধারাবাহিকতায় সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে প্রথম ধাপে ১১২ জন কর্মী মালয়েশিয়ায় যাচ্ছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় কোনো খরচ ছাড়াই কর্মীদের মালয়েশিয়ায় পাঠানো হচ্ছে।
প্রথম পর্যায়ে যাওয়া ১১২ জন কর্মী মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে চাকরি করবেন। তাদের মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ রিঙ্গিত। তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তির আওতায় কর্মীরা নিয়োগকর্তার পক্ষ থেকে আবাসন ও চিকিৎসাসুবিধাও পাবেন।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, এ কর্মসূচিতে কর্মীদের কাছ থেকে কোনো ধরনের অর্থ নেওয়া হচ্ছে না। পাসপোর্ট, মেডিকেল পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ফি, প্রাক-বহির্গমন প্রশিক্ষণ, বিমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের জনপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা ব্যয় বহন করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অন্যদিকে ভিসা ফি ও বিমান টিকিটের খরচ দিচ্ছে নিয়োগকর্তা।
তার দেওয়া হিসাব অনুযায়ী, একজন কর্মীর আনুমানিক ২ লাখ টাকা সাশ্রয় হবে। সে হিসাবে ১১২ জন কর্মীর মোট সাশ্রয়ের পরিমাণ প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।
কর্মী নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে রাশেদুল হক বলেন, সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে দালালমুক্ত পদ্ধতিতে বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। অনলাইনে আবেদন করা ৪ হাজার ৩৯ জনের মধ্য থেকে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে প্রকাশ্য ই-লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচন করা হয়। পরে নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে চূড়ান্তভাবে ১১২ জনকে বাছাই করা হয়।
তিনি আরও জানান, মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদা পাওয়া গেছে। প্রতিষ্ঠানগুলো হলো ডিএইচএল সাপ্লাই চেইন (১১২ জন), টপ গ্লোভ (৩৭৯ জন), তাতাওয়া ইন্ডাস্ট্রি (৩২ জন) এবং ইউনাইটেড প্লান্টেশন (৫২৫ জন)।
দ্বিতীয় দফায় কর্মী পাঠানোর বিষয়ে তিনি বলেন, আগামী ৫ অথবা ৯ ডিসেম্বর পরবর্তী দল মালয়েশিয়ায় যেতে পারে। দ্বিতীয় পর্যায়ের কর্মীদের অন্য একটি প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে মোট ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। লটারির মাধ্যমে এসব কর্মী নির্বাচন করা হচ্ছে। প্রধানমন্ত্রী জাতীয় সংসদে জানিয়েছেন, এই ১০ হাজার কর্মীর মধ্যে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধাদের জন্য ১ হাজার কর্মী বরাদ্দ থাকবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ মে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যায়। এরপর বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর গুরুত্বপূর্ণ এ শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ নেয়। গত জুনে মালয়েশিয়া সফরকালে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে বাংলাদেশের কর্মীদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে ২০০৮ সালে প্রথমবারের মতো বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়। পরবর্তী সময়ে ২০১৬ সালে পুনরায় চালু হলেও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালে আবার বন্ধ করে দেওয়া হয়। ২০২২ সালে নতুন করে কর্মী পাঠানো শুরু হলেও ২০২৪ সালে ফের নিয়োগ কার্যক্রম বন্ধ হয়ে যায়। ২০১৮ ও ২০২২ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় কর্মী নিয়োগে সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগও আলোচনায় আসে।
দীর্ঘ বিরতির পর নতুন ব্যবস্থাপনায় কর্মী পাঠানোর এই উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবারও সচল হওয়ার প্রক্রিয়া শুরু হলো।



