১৬ ডিসেম্বর উদ্বোধন হবে থার্ড টার্মিনাল

বাংলা টিভি ডেস্ক: দীর্ঘদিনের অপেক্ষা ও নানা জটিলতা কাটিয়ে অবশেষে পরিচালনা-সংক্রান্ত অনিশ্চয়তা দূর হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে। এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং জাপানি কনসোর্টিয়ামের মধ্যে চুক্তির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ ডিসেম্বর টার্মিনালটির উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে।
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তৃতীয় টার্মিনাল চালুর বিষয়টিকে অগ্রাধিকার দেয়। এর অংশ হিসেবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে টার্মিনালটি চালুর লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরি করা হয়। বেবিচক, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং জাপানি কনসোর্টিয়ামের মধ্যে সমঝোতার পর আগামী সোমবার (৩০ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।
বেবিচক সূত্রে জানা গেছে, এ বিষয়ে বিস্তারিত জানাতে আগামী রোববার (২৯ নভেম্বর) বেবিচক সদর দপ্তরের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। সেখানে তৃতীয় টার্মিনালের কনসেশন চুক্তি স্বাক্ষর এবং পরিচালনা-সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হবে।
এরপর সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর একটি হোটেলে জাপানি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে বেবিচকের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর আগে গত ১০ নভেম্বর বেবিচকের ৩২১তম বোর্ড সভায় জাপানি কনসোর্টিয়ামের দেওয়া শর্তগুলো পর্যালোচনা করে অনুমোদন দেওয়া হয়।
প্রকল্প-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, তৃতীয় টার্মিনাল নির্মাণের শুরুতে ব্যয় ধরা হয়েছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকা। পরবর্তী সময়ে প্রকল্প সংশোধন ও অতিরিক্ত কাজ যুক্ত হওয়ায় মোট ব্যয় বেড়ে প্রায় ২২ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর নির্মাণকাজ শুরু হওয়া প্রকল্পটির ৯৯ শতাংশের বেশি কাজ শেষ হয়। এরপর ২০২৩ সালের অক্টোবরে টার্মিনালটির সফট উদ্বোধন করা হলেও পরিচালনা চুক্তি নিয়ে জাপানের সঙ্গে আলোচনা চূড়ান্ত না হওয়ায় এতদিন এটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি।
যাত্রী ধারণক্ষমতা বাড়বে কয়েক গুণ
বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনালটি চালু হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীসেবা ও পরিচালন সক্ষমতায় বড় পরিবর্তন আসবে। নতুন টার্মিনালটির আয়তন প্রায় ২ লাখ ৩০ হাজার বর্গমিটার। বর্তমানে বিমানবন্দরের প্রথম ও দ্বিতীয় টার্মিনাল মিলিয়ে বছরে প্রায় ৮০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে। তৃতীয় টার্মিনাল যুক্ত হলে বছরে প্রায় ২ কোটি যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে।
নতুন এই স্থাপনায় একই সময়ে ৩৭টি উড়োজাহাজ পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। যাত্রীদের লাগেজ ব্যবস্থাপনার জন্য থাকবে ১৬টি আধুনিক ব্যাগেজ বেল্ট। পাশাপাশি যাত্রীদের চলাচল আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে যুক্ত করা হয়েছে বিভিন্ন আধুনিক প্রযুক্তি ও সুবিধা।
যাত্রীদের জন্য থাকছে আধুনিক সব সুবিধা
নতুন টার্মিনালে দীর্ঘ পথ হেঁটে চলাচলের অসুবিধা কমাতে স্থাপন করা হয়েছে বিশেষ ধরনের স্ট্রেইট এক্সকেলেটর। সিঙ্গাপুর ও ব্যাংককের মতো আন্তর্জাতিক বিমানবন্দরেও এ ধরনের ব্যবস্থা রয়েছে। এর মাধ্যমে যাত্রীরা কম পরিশ্রমে টার্মিনালের এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবেন।
লাগেজ সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য রাখা হয়েছে পৃথক তিনটি সুবিধা। এগুলো হলো সাধারণ ব্যাগেজ সংরক্ষণ, হারানো লাগেজের জন্য লস্ট অ্যান্ড ফাউন্ড এবং অতিরিক্ত আকারের ব্যাগেজ রাখার ব্যবস্থা। সাধারণ যাত্রীদের লাগেজের জন্য থাকবে ১৬টি বেল্ট। এ ছাড়া অতিরিক্ত ওজনের ব্যাগেজ ব্যবস্থাপনায় আরও চারটি পৃথক বেল্ট স্থাপন করা হয়েছে।
পরিবার ও শিশুদের সুবিধার বিষয়টিও গুরুত্ব পেয়েছে নতুন টার্মিনালে। প্রতিটি ওয়াশরুমের সামনে থাকবে বেবি কেয়ার লাউঞ্জ। সেখানে মায়েদের জন্য বুকের দুধ খাওয়ানোর আলাদা বুথ, শিশুদের ডায়াপার পরিবর্তনের স্থান এবং বড় পরিসরের পারিবারিক বাথরুমের ব্যবস্থা রাখা হয়েছে।
শিশুদের বিনোদনের জন্য তৈরি করা হয়েছে পৃথক প্লে এরিয়া। সেখানে স্লিপার ও দোলনাসহ বিভিন্ন সুবিধা থাকবে।
স্বাস্থ্যসেবা ও স্বয়ংক্রিয় চেক-ইন ব্যবস্থা
যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে টার্মিনালে স্থাপন করা হয়েছে হেলথ ইন্সপেকশন রুম, ফার্স্ট এইড রুম, বিভিন্ন রোগ পরীক্ষার কেন্দ্র এবং আইসোলেশন সুবিধা। করোনা ছাড়াও অন্যান্য সংক্রামক রোগ শনাক্তে এসব ব্যবস্থা কাজে আসবে।
চেক-ইন প্রক্রিয়া সহজ করতে থাকবে ১০টি স্বয়ংক্রিয় সেলফ চেক-ইন কিয়স্ক। এসব মেশিনে পাসপোর্ট ও টিকিটের তথ্য দিলে স্বয়ংক্রিয়ভাবে বোর্ডিং পাস এবং আসনসংক্রান্ত তথ্য পাওয়া যাবে। এরপর নির্ধারিত স্থানে লাগেজ জমা দিলে তা স্বয়ংক্রিয় ব্যবস্থায় উড়োজাহাজের জন্য নির্ধারিত স্থানে পৌঁছে যাবে।
এ ছাড়া যাত্রীদের জন্য রাখা হয়েছে ১০০টি চেক-ইন কাউন্টার। তবে ৩০ কেজির বেশি ওজনের লাগেজ নিয়ে নির্ধারিত স্বয়ংক্রিয় চেক-ইন ব্যবস্থায় প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না।
অবসর সময়ে যাত্রীদের বিনোদন ও বিশ্রামের জন্য মুভি লাউঞ্জ এবং এয়ারলাইনস লাউঞ্জ তৈরির পরিকল্পনাও রয়েছে। এসব লাউঞ্জ ছাড়া টার্মিনালের অন্যান্য প্রয়োজনীয় স্থাপনা ইতোমধ্যে স্থাপন করা হয়েছে।
সব মিলিয়ে তৃতীয় টার্মিনাল চালু হলে দেশের আন্তর্জাতিক বিমান পরিবহন ব্যবস্থায় নতুন সক্ষমতা যুক্ত হবে। পাশাপাশি যাত্রীসেবা, লাগেজ ব্যবস্থাপনা এবং বিমানবন্দরের সামগ্রিক কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত হবে।



