রাজনীতি

ছাত্রনেতাদের ‘ভালো জায়গায়’ বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

বাংলা টিভি ডেস্ক: ছাত্র সংসদের নেতাদের ব্যক্তিগত জীবন নিয়েও আগ্রহ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁদের বিয়ের উপযুক্ত বয়স হয়েছে উল্লেখ করে বিয়ের আয়োজনের পাশাপাশি ভালো পরিবারে বিয়ে দেওয়ার সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। একই সঙ্গে তরুণ ছাত্রনেতাদের প্রচলিত চাকরির পেছনে না ছুটে নেতৃত্ব, উদ্ভাবন ও উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে নিজের বাসভবনে আয়োজিত ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ ছাত্রনেতাদের কর্মসংস্থান, ক্যারিয়ার গঠন এবং জাতীয় পর্যায়ে নেতৃত্ব তৈরিতে জামায়াতের ভূমিকা সম্পর্কে জানতে চান। পাশাপাশি ব্যক্তিগত প্রসঙ্গ টেনে সহকর্মীদের বিয়ের বিষয়েও পরামর্শ চান তিনি।

মিনহাজ জানান, ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের ও ক্যারিয়ার সম্পাদক মাজহার বয়সে তুলনামূলকভাবে বড়। তাঁরা প্রায়ই তাঁর কাছে এসে বিয়ের ব্যবস্থা করার অনুরোধ জানান। এ বিষয়ে জামায়াত আমিরের পরামর্শ জানতে চান তিনি।

জবাবে উপস্থিত ছাত্রনেতাদের আগাম শুভেচ্ছা জানিয়ে শফিকুর রহমান বলেন, তাঁদের বিয়ের বয়স হয়েছে। এখন বিয়ে করে সংসার শুরু করার সময় এসেছে।

এ সময় অধ্যাপক গোলাম আযমের একটি বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বিয়ে শুধু ব্যক্তিগত আনন্দের বিষয় নয়; পরিবার ও সভ্যতা গঠনের ক্ষেত্রেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যথাসময়ে বিয়ে এবং পরিবার গঠনে উদ্যোগী না হলে সমাজ ও জাতি পিছিয়ে পড়তে পারে। বিশ্বের বিভিন্ন দেশে জন্মহার কমে যাওয়ায় বিয়ে ও সন্তান গ্রহণে মানুষকে উৎসাহিত করতে নানা ধরনের প্রণোদনা দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

ছাত্রনেতাদের আশ্বস্ত করে জামায়াত আমির বলেন, যাঁদের বিয়ের সুযোগ রয়েছে, তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন তাঁরা। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ, তাঁদের বিয়ের ব্যবস্থা করে দেওয়ার পাশাপাশি ভালো পরিবারে বিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

অন্যদিকে, তরুণদের কর্মজীবন ও ভবিষ্যৎ নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, ছাত্রনেতাদের চাকরির ব্যবস্থা করে দেওয়ার সুযোগ থাকলেও তাঁদের শুধু চাকরির পেছনে ছুটতে দেখতে চান না তিনি। বরং নিজেদের নেতৃত্বের যোগ্যতায় প্রতিষ্ঠিত করা, নতুন ধারণা উদ্ভাবন এবং উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন।

তরুণদের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, আজকের বীজ থেকেই আগামী দিনের গাছ তৈরি হয়, আর সেই গাছ থেকেই একসময় ফল আসে। তাই ভবিষ্যতের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।

অনুষ্ঠানে তরুণদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে তাঁদের মেধা এবং সৃজনশীলতাকে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন শফিকুর রহমান। তাঁর মতে, তরুণ প্রজন্মের হাত ধরেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। সেই উন্নয়নের সুফল কোনো নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের ১৮ কোটি মানুষের কল্যাণে নিশ্চিত করতে হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button