‘নতুন মজুরিতে আমরা খুশি, আর কোনো আন্দোলন চাই না’

বাংলা টিভি ডেস্ক: দীর্ঘদিনের বেতনবিষয়ক আন্দোলন ও অস্থিরতার পর অবশেষে স্বাভাবিক হতে শুরু করেছে গাজীপুরের শিল্পাঞ্চল। নতুন মজুরি কাঠামো মেনে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে কারখানায় ফিরেছেন পোশাক শ্রমিকরা। একই সঙ্গে এতদিন বন্ধ থাকা কারখানাগুলোও শনিবার থেকে খুলে দেওয়া হয়েছে। এতে শিল্পাঞ্চলজুড়ে ফিরে এসেছে কর্মব্যস্ততা ও স্বস্তির পরিবেশ।
শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে জেলার বিভিন্ন শিল্প এলাকা ঘুরে শ্রমিকদের কর্মস্থলে ফিরতে দেখা যায়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড়, কোনাবাড়ী, মৌচাক ও পল্লীবিদ্যুৎ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া, মালেকের বাড়ি, সালনা, বাংলাবাজার, বাঘের বাজার ও শ্রীপুরের মাওনা এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজে যোগ দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে প্রায় এক মাস ধরে গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষ চলছিল। আন্দোলনের প্রভাবে জেলার প্রায় ৭০ শতাংশ পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়। প্রতিদিন শ্রমিকদের বিক্ষোভ ও কর্মসূচির কারণে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করতে হতো।
তবে মজুরি বোর্ডের ঘোষিত নতুন বেতন কাঠামো মেনে শ্রমিকরা কাজে ফেরায় পরিস্থিতির উন্নতি হয়েছে। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে কারখানাগুলোতে আবারও উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার সকাল ৯টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, জেলার কোথাও নতুন করে শ্রমিক আন্দোলন, বিক্ষোভ কিংবা সড়ক অবরোধের ঘটনা ঘটেনি।
পল্লীবিদ্যুৎ এলাকার ডিভাইন গার্মেন্টসের শ্রমিক সিফাত, আরমান ও মিনা আক্তার জানান, নতুন বেতন কাঠামোতে তাঁরা সন্তুষ্ট। তাঁরা আর কোনো আন্দোলন বা কর্মবিরতিতে যেতে চান না। এ জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে নতুন উদ্যমে কাজ চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
অন্যদিকে পোশাক শ্রমিক রাহিমা ও ইতি আক্তার বলেন, আগের বেতনে সংসারের মাসিক খরচ সামলানো কঠিন হয়ে পড়েছিল। বিশেষ করে বাসাভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় আর্থিক চাপ তৈরি হয়েছিল। নতুন বেতন নির্ধারণ হওয়ায় তাঁরা এখন আগের তুলনায় স্বস্তি বোধ করছেন।
কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় অবস্থিত সাদমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম শওকত ইমরান বলেন, শ্রমিকরা আন্দোলন থেকে সরে এসে স্বতঃস্ফূর্তভাবে কাজে ফিরছেন। কারখানাগুলোতে এখন স্বস্তিদায়ক পরিবেশ বিরাজ করছে। সরকারের নির্ধারিত নতুন বেতনে শ্রমিকরাও সন্তুষ্ট। তাঁর মতে, কারখানার উৎপাদন কার্যক্রম ভালোভাবে চললে মালিক ও শ্রমিক উভয় পক্ষই উপকৃত হবে। এর মাধ্যমে দেশের পোশাকশিল্পও আরও এগিয়ে যাবে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, আশা করা হচ্ছে শ্রমিকরা এখন থেকে আন্দোলন বাদ দিয়ে কাজে মনোযোগী হবেন। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও বিশৃঙ্খলা এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার রাখা হয়েছে।
দীর্ঘদিনের শ্রমিক অসন্তোষের পর কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করায় গাজীপুরের শিল্পাঞ্চলে নতুন করে আশার সঞ্চার হয়েছে।



