সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটক

বাংলা টিভি ডেস্ক: রাজধানীতে সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী ও তাঁর দুই শ্যালককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৯ নভেম্বর) ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটিতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। ডিবি প্রধান শফিকুল ইসলাম সংবাদমাধ্যম যুগান্তরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা এবং তাঁর দুই শ্যালক রেজাউল আলম শাহীন ও অপর একজন।
সায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাঁকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এ বিষয়ে সেদিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তিনি বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, মনিরুল ইসলাম পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান এবং অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের পর তিনি দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান ও মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এর আগে মনিরুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন আদালত। এসব ব্যাংক হিসাবে প্রায় ১৯ কোটি ৪৭ লাখ টাকা জমা থাকার তথ্য পাওয়া গেছে।
তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য এবং তাঁদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।



