বালুতে প্রতিকৃতি এঁকে মিসরের কোচকে সম্মান জানালেন ফিলিস্তিনিরা

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনিদের প্রতি প্রকাশ্য সমর্থন ও সংহতি জানানোর স্বীকৃতিস্বরূপ মিসরের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হোসাম হাসানের প্রতিকৃতি নির্মাণ করেছেন গাজার একদল শিল্পী। সমুদ্রসৈকতের বালুর ওপর তৈরি করা এই ব্যতিক্রমী শিল্পকর্মের ছবি প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
শিল্পীদের ভাষ্য, বিশ্বকাপ চলাকালে ফিলিস্তিনিদের মানবিক সংকট নিয়ে হোসাম হাসান যে স্পষ্ট অবস্থান নিয়েছিলেন, তার প্রতি শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের মতে, এটি শুধু একজন ক্রীড়া ব্যক্তিত্বকে সম্মান জানানোর প্রয়াস নয়; বরং ফিলিস্তিনিদের প্রতি আন্তর্জাতিক সংহতির প্রতীকও।
গাজার শিল্পীদের এই সৃজনশীল উদ্যোগ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই এটিকে মানবিক সংহতি ও প্রতিবাদের এক অনন্য শিল্পীসুলভ প্রকাশ হিসেবে দেখছেন।
উল্লেখ্য, ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হোসাম হাসান গাজায় চলমান মানবিক সংকট নিয়ে আবেগঘন বক্তব্য দেন। তিনি বলেন, “পৃথিবীতে যদি কেউ ফিলিস্তিনিদের কষ্ট অনুভব না করে, তাহলে সে মানুষই নয়—সে আরব, ইউরোপীয় কিংবা আমেরিকান, যেই হোক না কেন।”



