বাংলাদেশ

‘দরকার হলে কফিনের বক্স খুলে দেখবো হাসিনার মাথা কিনা’

বাংলা টিভি ডেস্ক: ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতার বেনাপোল সীমান্ত পরিদর্শনের গুঞ্জন এবং চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ভারতের পেট্রাপোলে সমাবেশের পর যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। একই সঙ্গে সতর্ক অবস্থানে রয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরেও আলোচনা তৈরি হয়েছে। ভিডিওতে বিজিবির এক সদস্যকে বলতে শোনা যায়, ‘দরকার হলে কফিনের বক্স খুলে দেখবো হাসিনার মাথা কিনা।’

জানা গেছে, রোববার সন্ধ্যা থেকেই বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবির টহল কার্যক্রম বাড়ানো হয়। অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকতে দেখা গেছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে বেনাপোল সীমান্তসংলগ্ন একটি সড়কে বিজিবি সদস্যদের সঙ্গে স্থানীয় লোকজনকে অবস্থান করতে দেখা যায়। এ সময় শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে সীমান্তে পাহারা ও নিরাপত্তা নিয়ে বিজিবি সদস্যদের বিভিন্ন পরামর্শ দিতে দেখা যায়। একপর্যায়ে এক বিজিবি সদস্যকে কফিনের বাক্স খুলে তল্লাশির বিষয়ে মন্তব্য করতে শোনা যায়।

এদিকে বাংলাদেশ থেকে ভারতে কিংবা ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে কেউ যাতে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখছে বিজিবি।

বিজিবির যশোর-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি সীমান্ত এলাকায় টহলও জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, সন্দেহজনক চলাচল, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি নিয়মিত কাজ করছে। সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে। রাতের টহলে পোর্টেবল সার্চলাইট ব্যবহারের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে।

পরিস্থিতি বিবেচনায় স্থানীয় জনগণের সহযোগিতায় দিন-রাত টহল কার্যক্রম আরও বাড়ানো হতে পারে বলেও জানান তিনি।

সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করে বিজিবির এই কর্মকর্তা বলেন, কোনো ধরনের অনিয়ম, অবৈধ অনুপ্রবেশ কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা দ্রুত বিজিবিকে জানাতে হবে। সঠিক তথ্য দিয়ে সীমান্ত সুরক্ষায় সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিতে পেট্রাপোলে সমাবেশ

উল্লেখ্য, রোববার বেনাপোল সীমান্তের বিপরীতে ভারতের পেট্রাপোলে চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সমাবেশ করে হিন্দু সুরক্ষা সমিতি ও মতুয়া সম্প্রদায়ের কয়েকটি সংগঠন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এতে পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারসহ কয়েকজন রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে আরও জানা গেছে, সমাবেশ শেষে ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম পেট্রাপোল সীমান্ত এলাকা পরিদর্শন করেন।

এসব ঘটনাকে কেন্দ্র করে বেনাপোল সীমান্তে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

সংশ্লিষ্ট খবর

Back to top button