‘রাঙ্গামাটির বন্যাদুর্গতদের যত দিন প্রয়োজন তত দিন ত্রাণ দেওয়া হবে’

বাংলা টিভি ডেস্ক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন বলেছেন, রাঙ্গামাটিতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। দুর্গতদের প্রয়োজন অনুযায়ী যত দিন দরকার, তত দিন ত্রাণ ও খাদ্য সহায়তা অব্যাহত থাকবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।
শনিবার (১১ জুলাই) রাতে রাঙ্গামাটির বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দীর্ঘমেয়াদি সহায়তার পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে কয়েক মাস ধরেও খাদ্য ও ত্রাণ সহায়তা দেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের বসতঘর মেরামতের জন্য টিনসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহের বিষয়টিও সরকারের পরিকল্পনায় রয়েছে।
তিনি আরও বলেন, পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী মানুষকে পরিকল্পিতভাবে নিরাপদ স্থানে পুনর্বাসনের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া হবে।
এম. ইকবাল হোসেইন বলেন, বর্তমান পরিস্থিতিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং পাহাড়াঞ্চলের সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী অবগত রয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
সাবেক পার্বত্যমন্ত্রী ও সংসদ সদস্য দীপেন দেওয়ান জানান, তিনি প্রতিদিন দুর্গত এলাকা পরিদর্শন করছেন এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকি করছেন। যেসব এলাকায় এখনো সহায়তা পৌঁছেনি, সেখানে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, দুর্গম ফারুয়া এলাকায় ত্রাণ পৌঁছে দিতে উপজেলা প্রশাসন কাজ করছে। পর্যাপ্ত ত্রাণ ও অর্থের ব্যবস্থা রয়েছে এবং সম্মিলিত প্রচেষ্টায় এই দুর্যোগ মোকাবিলা করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন, রাঙ্গামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টোসহ প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।



