চট্টগ্রামের সাতকানিয়ায় পানির স্রোতে কবরস্থান থেকে ভেসে যাচ্ছে মরদেহ!

বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নে বন্যার পানির তীব্র স্রোতে একটি কবরস্থান ক্ষতিগ্রস্ত হয়ে তিনটি মরদেহ ভেসে ওঠার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা মরদেহগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে পুনরায় দাফনের ব্যবস্থা করেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলতাব আলী চৌধুরী জামে মসজিদসংলগ্ন কবরস্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, সাঙ্গু নদীর পানি বেড়ে লোকালয়ে প্রবেশ করায় এলাকায় পানির প্রবল স্রোত সৃষ্টি হয়। এতে কবরস্থানের একটি অংশ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। একপর্যায়ে কবর থেকে তিনটি মরদেহ পানির স্রোতে ভেসে গিয়ে পাশের ঝোপঝাড়ে আটকে পড়ে।
পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে মরদেহগুলো উদ্ধার করেন। এরপর মসজিদের খাটিয়ায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এবং সেগুলো অন্য একটি নিরাপদ কবরস্থানে পুনরায় দাফনের উদ্যোগ নেওয়া হয়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের দাবি, নদীভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে ভবিষ্যতে কবরস্থান ছাড়াও আশপাশের বসতবাড়ি ও জনবসতি ঝুঁকির মুখে পড়তে পারে।



