বাংলাদেশ

খাল খনন শেষে সরকারি কোষাগারে ৭৩ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

বাংলা টিভি ডেস্ক: ফরিদপুরের সালথা উপজেলায় তিনটি খাল পুনঃখনন প্রকল্পের কাজ শেষে উদ্বৃত্ত ৭৩ লাখ ৩৬ হাজার ৩৬৫ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিন। সরকারি অর্থ ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতার দৃষ্টান্ত হিসেবে বিষয়টি স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে।

আটঘর, রামকান্তপুর ও সোনাপুর ইউনিয়নের তিনটি খাল পুনঃখনন প্রকল্পে মোট বরাদ্দ ছিল ১ কোটি ৬৭ লাখ ৪৯ হাজার ৪০৯ টাকা। ৪ দশমিক ৫৩৫ কিলোমিটার দীর্ঘ এই খাল খনন কাজ প্রায় তিন মাসে সম্পন্ন হয়। শ্রমিকের মজুরি ও প্রকল্প-সংশ্লিষ্ট অন্যান্য ব্যয় পরিশোধের পর অব্যবহৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, খাল খনন কর্মসূচি বাস্তবায়নে দেশের বিভিন্ন স্থানে অনিয়মের অভিযোগ উঠলেও সালথায় প্রকল্পটি সম্পন্ন হয়েছে স্বচ্ছতার সঙ্গে। পুরো কার্যক্রমে কোনো ধরনের অপচয় না করে কাজের মান বজায় রাখায় ইউএনও মো. দবির উদ্দিনের প্রশংসা করছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম প্রকল্পটির উদ্বোধন করেন। পরে কাজের অগ্রগতি ও গুণগত মান পরিদর্শনে আসেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। পরিদর্শনকালে তারা প্রকল্পের কাজের মান ও অগ্রগতির প্রশংসা করেন।

প্রকল্পসংশ্লিষ্ট সদস্য শাহিন বলেন, ইউএনও নিয়মিত প্রকল্প এলাকায় গিয়ে কাজ তদারকি করতেন এবং শ্রমিকদের প্রয়োজনীয় নির্দেশনা দিতেন। সব ধরনের বিল যথাযথ নিয়মে পরিশোধ করা হয়েছে বলেও তিনি জানান।

আরেক সদস্য মোশাররফ হোসেন বলেন, সালথায় উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি এসেছে। ইউএনওর দায়িত্বশীলতার কারণে খাল খনন প্রকল্পটি ভালোভাবে সম্পন্ন হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে ইউএনও মো. দবির উদ্দিন বলেন, উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততা নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য। সরকারি অর্থের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। কাজ শেষে যে অর্থ অব্যবহৃত ছিল, তা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকারি অর্থের সঠিক ব্যবহারই সুশাসনের অন্যতম ভিত্তি। দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রতিটি কাজকে নিজের কাজ মনে করে সম্পন্ন করার চেষ্টা করেন বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button