ভিয়েতনামে নৌকাডুবিতে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনামের দক্ষিণাঞ্চলের ফু কুওক দ্বীপের কাছে পর্যটকবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) এ দুর্ঘটনা ঘটে।
ভিয়েতনাম কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় নৌকাটিতে মোট ৩৬ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ৩২ জন ছিলেন ভারতের নাগরিক। উদ্ধার অভিযানে ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম ভিএনএক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, ফু কুওক দ্বীপের মাই রুট নোয়াই দ্বীপের উপকূল থেকে প্রায় ৪০০ মিটার দূরে থাকা অবস্থায় নৌকাটি হঠাৎ উল্টে যায়। খবর পেয়ে পর্যটকবাহী নৌযান ও কোস্টগার্ডের একাধিক জাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, দুর্ঘটনাকবলিত নৌকায় থাকা ৩২ জন ভারতীয় নাগরিকের পরিচয় নিশ্চিত করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তা ও প্রয়োজনীয় তথ্য দিতে হো চি মিন সিটি ও রাজধানী হ্যানয়ে পৃথক নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে।
এক বিবৃতিতে ভারতীয় দূতাবাস জানায়, ফু কুওকের কাছে ভারতীয় পর্যটকদের বহনকারী নৌকা ডুবে যাওয়ার ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। দূতাবাসের কর্মকর্তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার ও সহায়তা কার্যক্রমে কাজ করছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, নিহত ও আহতদের মধ্যে অনেকেই একটি বেসরকারি মোবাইল ফোন প্রতিষ্ঠানের বার্ষিক সম্মেলনে অংশ নিতে ভিয়েতনামে গিয়েছিলেন। তিনি বলেন, ঘটনাস্থলে ভারতীয় কর্মকর্তারা উপস্থিত থেকে প্রয়োজনীয় সহযোগিতা করছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, নৌকায় থাকা ভারতীয়দের বড় একটি অংশ অন্ধ্রপ্রদেশভিত্তিক মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান লাভা মোবাইলের কর্মী ও পরিবেশক ছিলেন।
তবে নৌকাটি কী কারণে ডুবে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ভিয়েতনামের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।



