নকল করতে না দেওয়ায় এইচএসসি কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের

বাংলা টিভি ডেস্ক: ভোলার চরফ্যাশন উপজেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষার একটি কেন্দ্রে নকল করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ১০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১২ জুলাই) দুপুরে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল-ফরিদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, শনিবার (১১ জুলাই) রাতে চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. মহিউদ্দিন বাদী হয়ে থানায় মামলাটি করেন। এর আগে শনিবার দুপুর ১টার দিকে ওই কলেজ কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে চরফ্যাশন সরকারি কলেজের ৮৮৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। শনিবার তাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা ছিল।
পরীক্ষা চলাকালে একটি কক্ষে কয়েকজন পরীক্ষার্থী প্রশ্ন কমন না পড়ার অভিযোগ তুলে নকল করার চেষ্টা করেন। দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা এতে বাধা দিলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে পরীক্ষা শেষে দুপুর ১টা ৫ মিনিটের দিকে একদল শিক্ষার্থী কলেজের পকেট গেট ভেঙে ভেতরে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
হামলায় কলেজের সাতজন শিক্ষক ও গভর্নিং কমিটির সভাপতি আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেন।
চরফ্যাশন থানার ওসি মো. মাহামুদ আল-ফরিদ ভূঁইয়া বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় কলেজের অধ্যক্ষের করা মামলার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।



