মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

বাংলা টিভি ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাসের আকাশে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, হাজিয়াবাদ এলাকার আকাশে শত্রুপক্ষের একটি ‘লুকাস’ ড্রোন শনাক্ত করার পর বিমান প্রতিরক্ষা ইউনিট সেটিকে সফলভাবে গুলি করে ধ্বংস করে।
ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, দেশের আকাশসীমা সুরক্ষিত রাখা এবং সম্ভাব্য শত্রু হামলা প্রতিহত করার দায়িত্ব পালনকালে বিমান প্রতিরক্ষা বাহিনী এই অভিযান পরিচালনা করে।
এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই ইরানের বুশেহর, খুজেস্তান ও হরমোজগান প্রদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও অবকাঠামোগত স্থাপনায় নতুন করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এসব হামলায় তেহরান ও মাশহাদের মধ্যকার গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ অবকাঠামোরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর জবাবে বাহরাইন, কুয়েত ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলা চালানোর ঘোষণা দিয়েছে তেহরান। পাশাপাশি, পাকিস্তানের মধ্যস্থতায় গত ১৭ জুন স্বাক্ষরিত দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগও ওয়াশিংটনের বিরুদ্ধে তুলেছে ইরান। এসব ঘটনার পর মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি



