
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাসকে মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার করেছে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।
সোমবার (১৩ জুলাই) সকালে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি মানি লন্ডারিং মামলায় সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট রোববার গভীর রাতে তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১২টার দিকে পলাশবাড়ী উপজেলার হেসেনপুর এলাকার শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কয়েকজন কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিচয়ে মন্দিরে প্রবেশ করে হরিদাস চন্দ্র তরণী দাসকে বাইরে নিয়ে আসেন। পরে তাকে হাতকড়া পরিয়ে একটি গাড়িতে তোলা হয়।
উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, রোববার দায়ের হওয়া মানি লন্ডারিং মামলায় হরিদাস চন্দ্র তরণী দাসকে আসামি করা হয়েছে এবং সেই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম খান জানান, গ্রেপ্তারের পর মন্দির এলাকায় কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, গাইবান্ধার পলাশবাড়ীতে বিশ্বের সর্ববৃহৎ ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের পরিকল্পনা নিয়ে সম্প্রতি ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। পরে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয় বিবেচনায় রেখে মন্দির কর্তৃপক্ষ নির্মাণকাজ স্থগিতের ঘোষণা দেয়। সে সময় তারা জানায়, বিভিন্ন মহলের মতামত ও প্রতিবাদের পরিপ্রেক্ষিতে এবং সব ধর্মাবলম্বীর অনুভূতির প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



