বাংলাদেশ

আন্দোলনের মাঝেই আজ ১০ বোর্ডে চলছে পরীক্ষা, বিকেলে হবে লংমার্চ

বাংলা টিভি ডেস্ক: পরীক্ষা স্থগিতের দাবিতে চলমান আন্দোলনের মধ্যেও বুধবার (১৫ জুলাই) দেশের ১০টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পাঁচটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এ দিনের সব পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ডের নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ১০টায় আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরু হয়। একই সময়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষাও অনুষ্ঠিত হচ্ছে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির ভাষ্য, চট্টগ্রাম ছাড়া অন্য সব শিক্ষা বোর্ডে পরীক্ষা নেওয়ার জন্য প্রয়োজনীয় পরিবেশ রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের বৈঠকেও পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

অন্যদিকে, পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন একদল শিক্ষার্থী। মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তারা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। তাদের দাবির মধ্যে রয়েছে— বন্যা ও জলাবদ্ধতার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর পদত্যাগ।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ঘোষণায় আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, বুধবার পরীক্ষা শেষে দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ কর্মসূচি পালন করা হবে। ‘শিক্ষা আমাদের অধিকার, অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হোন’— এই স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে এইচএসসি পরীক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button