আন্তর্জাতিক

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও মানহানির মামলায় জয়ী লেখিকা ই জিন ক্যারল ক্ষতিপূরণের অর্থ হিসেবে ৫৬ লাখ ডলারের বেশি অর্থ পেয়েছেন।

সোমবার (১৩ জুলাই) জুরির দেওয়া ৫০ লাখ ডলারের ক্ষতিপূরণের সঙ্গে জমা হওয়া সুদের অর্থ মিলিয়ে পুরো টাকা ক্যারলের হাতে তুলে দেওয়া হয়। তার প্রধান আইনজীবী রবার্টা কাপলান এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিবৃতিতে তিনি জানান, ক্যারল ক্ষতিপূরণের সম্পূর্ণ অর্থ বুঝে পেয়েছেন। অর্থ পাওয়ার পর ৮২ বছর বয়সী এই লেখিকা নিজের লেখায় রসিকতার ছলে ‘দ্য ইগল হ্যাজ ল্যান্ডেড’ মন্তব্য করে দীর্ঘ আইনি লড়াইয়ের সমাপ্তির ইঙ্গিত দেন।

আদালতের নথি অনুযায়ী, ২০২৩ সালের রায়ের পর থেকেই ক্ষতিপূরণের অর্থ একটি বিশেষ এসক্রো অ্যাকাউন্টে সংরক্ষিত ছিল। পরে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট দেওয়ানি মামলার রায় বহাল রাখার পর ফেডারেল বিচারক লুইস এ কাপলান অর্থ ছাড়ের অনুমতি দেন। ট্রাম্পের আইনজীবীরা অর্থ প্রদান স্থগিত রাখতে জরুরি আবেদন করলেও আদালত তা প্রত্যাখ্যান করে।

তবে ট্রাম্পের আইনি দল জানিয়েছে, তারা রায়ের বিরুদ্ধে আপিল প্রক্রিয়া চালিয়ে যাবে। অন্যদিকে ক্যারলের আইনজীবীরা জানিয়েছেন, তিনি পাওয়া অর্থ অবসরকালীন সঞ্চয় তহবিলে রাখার পরিকল্পনা করছেন।

মামলার পটভূমি অনুযায়ী, ১৯৯৬ সালে নিউইয়র্কের একটি অভিজাত ডিপার্টমেন্টাল স্টোরের পোশাক পরিবর্তনের কক্ষে ট্রাম্প তাকে যৌন নিপীড়ন করেছিলেন বলে অভিযোগ করেন ক্যারল। ২০১৯ সালে নিজের স্মৃতিকথায় ঘটনাটি প্রকাশ করার পর ট্রাম্প অভিযোগ অস্বীকার করেন এবং ক্যারলের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেন। এর পরিপ্রেক্ষিতেই তিনি আদালতের দ্বারস্থ হন।

নিউইয়র্কের আইন পরিবর্তনের সুযোগ নিয়ে ক্যারল পুরোনো এই অভিযোগে মামলা করার সুযোগ পান। ২০২৩ সালের বিচারে জুরি ট্রাম্পকে দায়ী সাব্যস্ত করে ক্ষতিপূরণের নির্দেশ দেয়। এছাড়া ২০২৪ সালের আরেকটি পৃথক মামলায় ক্যারলকে দেওয়া ৮ কোটি ৩০ লাখ ডলারের মানহানি ক্ষতিপূরণের রায়ের বিরুদ্ধেও ট্রাম্পের আপিল চলমান রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button