নাতনির মরদেহ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, নানিসহ নিহত বেড়ে ৩

বাংলা টিভি ডেস্ক: পাবনার সদর উপজেলার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার সড়াডাঙ্গি কড়ইতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন—সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের ছলিম প্রামানিক (৬২), তার স্ত্রী বুলু খাতুন (৫৫) এবং অ্যাম্বুলেন্সচালক রাজ হোসেন (৩৫)। রাজ হোসেন পাবনা পৌরসভার উত্তর শালগাড়িয়া এলাকার বাসিন্দা।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, কিডনি রোগে মারা যাওয়া শিশু কেয়ার মরদেহ নিয়ে রাজশাহী থেকে পাবনায় ফিরছিলেন তার স্বজনরা। একই সময় ঢাকা থেকে পাবনাগামী ‘পাবনা এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে দুই যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সচালক রাজ হোসেন ও শিশুটির নানি বুলু খাতুন নিহত হন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিশুটির নানা ছলিম প্রামানিক।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। অ্যাম্বুলেন্সে থাকা শিশুর মরদেহও উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।



