বাংলাদেশ

চুরির অভিযোগে যুবককে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে ছেড়ে দিল স্থানীয়রা

বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে চুরির অভিযোগে আটক এক ব্যক্তিকে ব্যতিক্রমী উপায়ে সতর্ক ও সংশোধনের চেষ্টা করা হয়েছে। স্থানীয়দের সিদ্ধান্তে তাকে ১০০ রাকাত নফল নামাজ আদায় এবং আল্লাহর কাছে তওবা করার পর ছেড়ে দেওয়ার ঘটনাটি এলাকায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

শুক্রবার (১৭ জুলাই) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফকির আস্তানা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা রেজাউল করিম (৩৫)-এর বিরুদ্ধে একটি মোবাইল ফোনসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ ওঠে। অভিযোগের পর এলাকাবাসী তাকে আটক করেন।

পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাসিন্দাদের উপস্থিতিতে অভিযুক্ত নিজের ভুল স্বীকার করেন এবং ভবিষ্যতে আর চুরিসহ কোনো অপরাধে জড়াবেন না বলে আল্লাহর কাছে তওবা করেন। সংশোধনের অংশ হিসেবে তাকে ১০০ রাকাত নফল নামাজ আদায় করতে বলা হয়। এরপর তার কাছ থেকে পুনরায় অপরাধে জড়াবেন না—এমন অঙ্গীকার নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজ আহাম্মদ খান জানান, এলাকায় দীর্ঘদিন ধরে চুরির ঘটনা ঘটলেও অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। শুক্রবার চুরির সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন। তিনি বলেন, শারীরিকভাবে নির্যাতন না করে সংশোধনের সুযোগ দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়নি। তবে অভিযোগের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তিনি বলেন, চুরির অভিযোগে কাউকে আটক করা হলে আইন অনুযায়ী তাকে পুলিশের কাছে হস্তান্তর করা উচিত। আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে অপরাধীকে সংশোধনের ভিন্নধর্মী উদ্যোগ হিসেবে দেখছেন, আবার অনেকে মনে করছেন, এ ধরনের অভিযোগের ক্ষেত্রে আইনগত প্রক্রিয়াই অনুসরণ করা উচিত।

সংশ্লিষ্ট খবর

Back to top button