লুঙ্গি পরে মাদককারবারিদের ধাওয়া দিলেন এমপি জসিম

বাংলা টিভি ডেস্ক: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী একটি এলাকায় মাদকসেবী ও মাদককারবারিদের জমায়েতের খবর পেয়ে লুঙ্গি পরেই অভিযানে নেমেছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসীম উদ্দিন।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্রকাশ্যে মাদকের কেনাবেচা চলে। প্রতিবাদ করলে মাদককারবারীদের হুমকির মুখে পড়তে হয়, ফলে অনেকেই ভয়ে মুখ খুলতে চান না।
গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে এমপি জসীম উদ্দিন ব্যক্তিগত রয়েল এনফিল্ড মোটরসাইকেলে একজন সহকারীকে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে তিনি ৭-৮টি মোটরসাইকেলে করে আসা কয়েকজন সন্দেহভাজন মাদককারবারীকে দেখতে পান। তাকে দেখে তারা দ্রুত পালিয়ে যায়। এ সময় তড়িঘড়ি করে পালানোর সময় একটি মোটরসাইকেল ফেলে রেখে যায় বলে জানা গেছে।
ঘটনার পরপরই সংসদ সদস্য পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়। একই সময়ে আশাবাড়ি সড়কে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা নবীনগর থেকে আসা দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে যাচাই-বাছাই শেষে তাদের ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে হাজী জসীম উদ্দিন বলেন, নির্বাচনের সময় তিনি তার এলাকাকে মাদকমুক্ত করার অঙ্গীকার করেছিলেন। সীমান্তঘেঁষা এলাকা হওয়ায় এখানে মাদকের বিস্তার বেশি উল্লেখ করে তিনি বলেন, অতীতেও বিভিন্ন সময় রাতের বেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তার ভাষায়, “আমার এলাকায় হয় মাদককারবারীরা থাকবে, নয়তো আমি। মাদকের বিরুদ্ধে আমার অভিযান চলতেই থাকবে।”



