বাংলাদেশ

২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড

বাংলা টিভি ডেস্ক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে কিছুটা বিলম্ব হচ্ছে। আগে ২০ জুলাই ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও প্রশাসনিক ব্যস্ততার কারণে নির্ধারিত সময়সূচি অনুযায়ী তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

শনিবার (১৮ জুলাই) দুপুরে গণমাধ্যমকে তিনি বলেন, প্রাথমিকভাবে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সে অনুযায়ী শিক্ষামন্ত্রীর নির্দেশনায় সব শিক্ষা বোর্ড প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করেছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন জরুরি প্রশাসনিক দায়িত্বে ব্যস্ত থাকায় ফল প্রস্তুতের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা যায়নি।

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ‘২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য ছিল। সে অনুযায়ী আমরা প্রস্তুতিও নিয়েছিলাম। কিন্তু বিভিন্ন প্রশাসনিক ব্যস্ততার কারণে কাজ শেষ করতে আরও কয়েক দিন সময় প্রয়োজন হচ্ছে। তবে ফল প্রকাশে খুব বেশি দেরি হবে না।’

চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ সম্ভব হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আশা করছি, এ মাসের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।’

এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। তবে সর্বশেষ পরিস্থিতিতে সেই সময়সূচিতে পরিবর্তন আসছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button