
ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে অল্পের জন্য বেঁচে গেলেন একুশে পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী খুরশীদ আলম। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে বগুড়া শহরের চারমাথা এলাকায় তার ব্যক্তিগত গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হন তিনি।
জনপ্রিয় কণ্ঠশিল্পী খুরশীদ আলম বগুড়ার সংগঠন জয়পুরহাট কল্যাণ ট্রাস্টের এক সম্মাননা অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার বগুড়ায় যান এবং রাতের খাবার খেতে গাড়ি নিয়ে বগুড়া শহরে যান তিনি। পরে ঢাকা-রংপুর মহাসড়ক দিয়ে স্থানীয় হোটেলে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী।
তাঁর প্রাইভেটকারটিকে সামনে থেকে ধাক্কা দিয়ে ট্রাকটি পালিয়ে গেলে ট্রাকের ধাক্কায় শিল্পীর গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং মাথা ও মুখে আঘাত পান তিনি।
পরে সঙ্গীত শিল্পীকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসকের নির্দেশনায় বর্তমানে তিনি বিশ্রামে আছেন।
কণ্ঠশিল্পী খুরশীদ আলমের জন্ম ১৯৪৬ সালে জয়পুরহাটে। পুরান ঢাকার আলাউদ্দীন রোডে বেড়ে ওঠেন। তিন ভাই,দুই বোনের মধ্যে সবার বড় খুরশীদ আলম।
তিনি ছোটবেলা থেকেই সঙ্গীতের সঙ্গে জড়িত ছিলেন। শিল্পীর গাওয়া অসংখ্য জনপ্রিয় গান রয়েছে।
বাংলাটিভি/ফাতেমা



