তাহসিফের মৃত্যুতে ‘বন্ধু’ দীপের জড়িত থাকার প্রমাণ মিলেছে, বারের সেই তরুণীও গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলার তদন্তে নতুন মোড় নিয়েছে। এ ঘটনায় ‘দিশা’ নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। পাশাপাশি মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্ত কর্মকর্তারা।
টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ আহমেদ জানান, শনিবার (৩১ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে দিশা নামের ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়। একই দিন আদালতের নির্দেশে চার দিনের রিমান্ডে নেওয়া দীপকে মধ্যরাত থেকে জিজ্ঞাসাবাদ শুরু করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালত দীপের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তের প্রয়োজনে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলেও আদালত চার দিনের অনুমতি দেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ দোহা সুমন।
নৌপুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, তাহসিফের মৃত্যুর ঘটনায় তাঁর বন্ধু দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্যপ্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাঁকে রিমান্ডে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে আপাতত সব তথ্য প্রকাশ করা যাচ্ছে না বলেও জানান তিনি।
তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত দেড়টা পর্যন্ত তাহসিফের সঙ্গে ছিলেন দীপ। ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা জানতে পেরেছেন, তিনি তাহসিফকে নিয়ে টঙ্গীর মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন। পরে দীপ একা ফিরে এলেও তাহসিফ আর ফেরেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপের বক্তব্যের মধ্যেও একাধিক অসংগতি পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে আটক করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে শুক্রবার রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন। এরপর দীপকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। যদিও লিখিত অভিযোগে তিনি নির্দিষ্ট কাউকে অভিযুক্ত করেননি; বরং ছেলের মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানের দাবি জানিয়েছেন।
জানা যায়, ২৮ বছর বয়সী তাহসিফ গত মঙ্গলবার সন্ধ্যায় উত্তরার নিজ বাসা থেকে নিখোঁজ হন। পরদিন বুধবার বিকেলে টঙ্গীর রাজাবাড়ি ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।
এদিকে উত্তরায় নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাহসিফের বাবা এনায়েতুল করিম বলেন, দীপ তাঁদের বাসায় নিয়মিত যাতায়াত করতেন। তবে ঘটনার পর তাঁর দেওয়া তথ্যের সঙ্গে পরবর্তী সময়ে পাওয়া তথ্যের মিল নেই।
তিনি জানান, পিবিআইয়ের কাছে দীপ স্বীকার করেছেন, তাঁরা দুজন টঙ্গীতে গিয়েছিলেন। অথচ তাঁকে আগে বলা হয়েছিল, তাহসিফকে বাসার চত্বরে নামিয়ে দিয়ে এসেছেন দীপ। বক্তব্যের এই পার্থক্য থেকেই তাঁর মনে সন্দেহ তৈরি হয়েছে।
ছেলের মৃত্যুর পেছনে কী ঘটেছে এবং কারা জড়িত, তা এখনো নিশ্চিত নন জানিয়ে এনায়েতুল করিম দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।



