বাংলাদেশ

আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: বিদ্যুৎমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: আগামী গ্রীষ্ম মৌসুমে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়িয়ে বিদ্যুতের লোডশেডিং কিছুটা হলেও কমিয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ লক্ষ্যে সৌরবিদ্যুতের প্রসারে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

রোববার (১ নভেম্বর) বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।

আগামী ৩ থেকে ৪ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’ আয়োজনের বিস্তারিত তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, গত আট মাস ধরে সৌরবিদ্যুতের প্রসারে সরকার কাজ করছে। এ বিষয়ে সাধারণ মানুষকে আগ্রহী ও উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই প্রচেষ্টার অংশ হিসেবেই সোলার এক্সপোর আয়োজন করা হচ্ছে। সরকারি উদ্যোগে এ ধরনের আয়োজন দেশে এবারই প্রথম। এতে প্রধানমন্ত্রী নিজেও উপস্থিত থাকবেন।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুতের ব্যবস্থা চালু করেছেন এবং গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করছেন না।

জ্বালানি খরচ বৃদ্ধির প্রসঙ্গ তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে ৩২ ডলারে পৌঁছেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। তাই বিদ্যুতের চাহিদা পূরণে সৌরশক্তির দিকে আরও বেশি গুরুত্ব দিতে হবে।

সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button